কলকাতা, ৪ মার্চঃ দোলের দিন এক অনুষ্ঠানে করা মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র বিরুদ্ধে বালিগঞ্জ ও ভবানীপুর থানায় পৃথকভাবে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ জানিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই।
গতকাল মঙ্গলবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালিগঞ্জের শরৎ বোস রোডে একটি দোল উৎসবের অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, “নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজ়ম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে সেই প্রার্থনা করব।” পাশাপাশি ‘হিন্দু-হিন্দু ভাই-ভাই’ স্লোগানও দিতে শোনা যায় তাঁকে। এই মন্তব্যকে ঘিরেই রাজনৈতিক তরজা শুরু হয়।
ডিওয়াইএফআইয়ের দাবি, বিরোধী দলনেতার বক্তব্য দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও মানুষের ধর্ম পালনের অধিকারের পরিপন্থী। মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে বালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর বুধবার ভবানীপুর থানায় আরও একটি এফআইআর করা হয়েছে।
ডিওয়াইএফআইয়ের এক নেতা বলেন, “এমন মন্তব্য সংবিধানবিরোধী। অবিলম্বে পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। প্রয়োজনে রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়ের করা হবে।” তাঁদের বক্তব্য, রাজ্যের সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষ ঐতিহ্য রক্ষায় কোনও আপস করা হবে না।
এদিকে, শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।





