খবরিয়া ২৪ ডেস্ক, ৪ মার্চঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময়েই কড়া হুঁশিয়ারি দিল ইজরায়েল। বুধবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্জ সমাজমাধ্যমে পোস্ট করে জানান, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনিই হোন, তাঁকেও হত্যা করা হবে।
কাট্জ লেখেন, “ইরানের সন্ত্রাসবাদী জমানা নেতা হিসাবে যাঁকেই সর্বোচ্চ পদে বসানো হবে, তাঁকে ইজরায়েল খতম করবে।” তাঁর দাবি, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ইজরায়েল ও আমেরিকার পক্ষে সমানভাবে বিপজ্জনক হবেন এবং তাঁর নেতৃত্বে ইরানের সাধারণ মানুষের উপর দমনপীড়ন চলবে। সেই কারণেই ইজরায়েল কোনও নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে টিকতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রীর কথায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র সঙ্গে আলোচনা করে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকার সহযোগিতায় ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে অভিযান জারি থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত শনিবার তেহরানে খামেনেইয়ের দপ্তরে হামলায় তিনি-সহ অন্তত ৪০ জন উচ্চপদস্থ আধিকারিক নিহত হন বলে ইরানি সূত্রের দাবি। এরপর দেশটির প্রেসিডেন্ট অন্তর্বর্তী কাউন্সিল গঠন করে শাসনভার তাদের হাতে তুলে দেন। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই-র নাম ঘিরে জল্পনা ছড়িয়েছে, যদিও তেহরানের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে ইজরায়েলের প্রকাশ্য হুমকি পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়াবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।





