খবরিয়া ২৪ ডেস্ক, ২ মার্চঃ অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকে রয়েছেন ভারতীয় বিনোদুনিয়ার একাধিক পরিচিত মুখ। আকাশপথ বন্ধ থাকায় দেশে ফিরতে পারছেন না তাঁরা। আতঙ্ক, অনিশ্চয়তা আর উদ্বেগের মধ্যে সময় কাটছে তারকাদের।
সোনাল চৌহান ও ঈশা গুপ্তা-র পর এবার দুবাইয়ে আটকে পড়ার কথা জানালেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, হোটেলের পাশেই একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তাঁর কথায়, “একের পর এক বিস্ফোরণ ঘটছে। অত্যন্ত ভয় আর উদ্বেগের মধ্যে প্রতিটা মুহূর্ত কাটছে। দু’রাত ঘুমোতে পারিনি।” এই পরিস্থিতিকে তিনি ‘ভীষণ মানসিক যন্ত্রণা’ বলেও উল্লেখ করেছেন।
দুবাইয়ের পাম জুমেইরায় ছুটি কাটাতে গিয়ে আটকে পড়েছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভানকে নিয়ে সেখানে গিয়েছিলেন তিনি। তাঁর হোটেলের বাইরেও বিস্ফোরণের খবর মিলেছে। নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশিকা মেনে হোটেলের ভিতরেই অবস্থান করছেন শুভশ্রী।
রবিবার সোশাল মিডিয়ার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর কাছে দেশে ফেরার আর্জি জানিয়েছেন সোনাল চৌহান। একইভাবে দুবাইয়ে আটকে রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-এর স্ত্রী, মেয়ে ও নাতনি। এছাড়াও রয়েছেন ক্রীড়াজগতের তারকা পি ভি সিন্ধু এবং ভারতের বাস্কেটবল দল।
সরকারের তরফে ইতিমধ্যেই সতর্কতামূলক নির্দেশিকা জারি করে নাগরিকদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। আপাতত নিরাপদ আশ্রয়ে থেকে দেশে ফেরার অপেক্ষাতেই দিন গুনছেন ভারতীয় তারকারা।





