খবরিয়া ২৪ ডেস্ক, ২ মার্চঃ দোলের পর তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অধ্যুষিত ৮৪টি বিধানসভা কেন্দ্রকে লক্ষ্য করে বিশেষ কর্মসূচি নিতে চলেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সোমবার কলকাতার নজরুল মঞ্চ-এ ‘তফসিলি সংলাপ’ কর্মসূচিতে এ কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সভায় মূলত তফসিলি সম্প্রদায়ের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। জানান, বিশেষ প্রচারের জন্য পৃথক গাড়ির ব্যবস্থা করা হবে। প্রতিটি গাড়িতে ৩-৪ জন কর্মী থাকবেন এবং তাঁরা বাড়ি বাড়ি গিয়ে সরকারের প্রকল্প ও উন্নয়নের বার্তা পৌঁছে দেবেন। তাঁর কথায়, “বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার তফসিলি সমাজের জন্য কী করেছে, সেই তথ্য মানুষের কাছে তুলে ধরতে হবে।”
বক্তব্যে বিজেপিকে তীব্র আক্রমণ শানান অভিষেক। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে তফসিলিদের উপর অত্যাচারের ঘটনা বেশি। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য তুলে ধরে উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশের প্রসঙ্গ টানেন তিনি। একইসঙ্গে দাবি করেন, তৃণমূল সরকার এসসি ও এসটি মহিলাদের উন্নয়নে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ একাধিক প্রকল্প চালু করেছে। পাঁচ বছরে অনুদানের পরিমাণ ১০০০ টাকা থেকে বেড়ে ১৭০০ টাকা হয়েছে বলেও জানান তিনি।
নেতাকর্মীদের আত্মতুষ্টি এড়িয়ে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়ে বলেন, “বুথে ১০০ ভোটে জেতার আত্মবিশ্বাস থাকলে ২০০ ভোটে জেতার লক্ষ্য নিন।” বিজেপির রথযাত্রা কর্মসূচিকেও কটাক্ষ করেন তিনি। তাঁর হুঁশিয়ারি, “বিজেপিকে ৫০-এর নিচে নামাতে হবে।” বাংলায় বিজেপিকে রুখে দেওয়া গেলে কেন্দ্রেও তাদের প্রভাব কমবে বলেও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।





