খবরিয়া ২৪ ডেস্ক, ১ মার্চঃ ইরান ও ইজরায়েল-এর সংঘাত ঘিরে উত্তপ্ত পশ্চিম এশিয়া। তার সরাসরি প্রভাব পড়ল ভারতের বিমান পরিষেবায়। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক-এর তথ্য অনুযায়ী, শনিবার বাতিল হয়েছিল ৪১০টি উড়ান। রবিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৪৪-এ। দু’দিনে মোট ৮৫০-রও বেশি বিমান বাতিল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় একাধিক আন্তর্জাতিক রুট কার্যত অচল হয়ে পড়েছে। বিশেষ করে ভারতীয় বিমান সংস্থাগুলি সময় ও জ্বালানি সাশ্রয়ের জন্য যে আকাশপথ ব্যবহার করে থাকে, তা বন্ধ হয়ে যাওয়ায় রুট বদল বা উড়ান বাতিল করা ছাড়া অন্য উপায় নেই। চলমান সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর নিরাপত্তা নির্দেশিকা জারি করে জানিয়েছে, বিমান সংস্থাগুলি যেন ১১টি দেশের আকাশসীমা এড়িয়ে চলে। তালিকায় রয়েছে ইরান, লেবানন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, বাহরাইন, ওমান, ইরাক, জর্ডান, কুয়েত ও কাতার-সহ একাধিক দেশ। এই অঞ্চলগুলিতে ব্রুজ ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং সামরিক তৎপরতার কারণে বেসামরিক বিমান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করা হয়েছে।
এদিকে দুবাই, রিয়াধ-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন শহরে আটকে পড়েছেন বহু ভারতীয়। তাঁদের সহায়তায় এগিয়ে এসেছে রিয়াধের ভারতীয় দূতাবাস। ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা হয়েছে। পাশাপাশি Air India, IndiGo-সহ বিভিন্ন বিমান সংস্থা যাত্রীদের আশ্বস্ত করেছে যে প্রয়োজনীয় সবরকম সহযোগিতা করা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান পরিষেবা অনিশ্চিতই থাকবে বলে আশঙ্কা।





