খবরিয়া ২৪ ডেস্ক, ১ মার্চঃ ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার পর প্রকাশিত পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছিল, রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারির নাম নাকি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে উঠতেই নিজেই মুখ খুললেন তিনি।
শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় খসড়া থেকে শেষপর্যন্ত মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ৬০ লক্ষের বেশি নামের পাশে ‘বিচারাধীন’ উল্লেখ রয়েছে। এই পরিস্থিতিতেই মনোজ তিওয়ারির ভোটাধিকার বাতিল হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।
রবিবার সোশ্যাল মিডিয়ায় ভোটার কার্ডের ছবি-সহ একটি পোস্ট করে তিনি স্পষ্ট করেন, তাঁর ভোটাধিকার বাতিল হয়নি। সম্প্রতি তিনি পরিবারের বাসস্থান পরিবর্তন করেছেন। সেই অনুযায়ী ‘ফর্ম ৮’-এর মাধ্যমে ঠিকানা পরিবর্তনের আবেদন জানান। নিয়মমাফিক নতুন কেন্দ্রে নাম স্থানান্তরিত হওয়ায় আগের ঠিকানার ভোটার কার্ডটি বাতিল হয়েছে। এটি নির্বাচন বিধির স্বাভাবিক প্রক্রিয়া বলেই উল্লেখ করেছেন তিনি।
পোস্টে তিনি লেখেন, “দুটি ছবি, একটা গুজব এবং আসল সত্য… গত ২৪ ঘণ্টায় এমন বিভ্রান্তি ছড়ানো হয়েছে যে SIR-এর কারণে আমার ভোটাধিকার বাতিল হয়েছে। বিভ্রান্তি কাটাতেই এই পোস্ট।”
এদিকে কমিশনের দাবি, ‘বিচারাধীন’ নামগুলি যাচাইয়ের দায়িত্ব সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত ৫০১ জন বিচারবিভাগীয় আধিকারিকের উপর রয়েছে। মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত যাচাই প্রক্রিয়া চলবে।
ভোটের আগে এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই অনিশ্চয়তা তৈরি হয়েছে ভোটারদের একাংশের মধ্যে। তবে নিজের ক্ষেত্রে গুজব উড়িয়ে দিয়ে স্পষ্ট বার্তা দিলেন ক্রীড়ামন্ত্রী।





