মাথাভাঙ্গা, ২৭ ফেব্রুয়ারিঃ শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন–কে ঘিরে বিক্ষোভ এবং স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের জোড়পাটকী গ্রাম পঞ্চায়েতের নেন্দারপাড় এলাকায়। ‘গো ব্যাক’ স্লোগানের পাশাপাশি “ধোলাই হবে, পেটাই হবে” বলেও স্লোগান ওঠে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, এদিন ১১৩ নম্বর বুথে বিজেপির বুথ বিজয় কর্মশালার আয়োজন করা হয়েছিল মণ্ডল সদস্য টলেন বর্মনের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক বরেন বর্মন ছাড়াও কেন্দ্রীয় নেতৃত্ব রঞ্জয় ভারতী, জেলা কমিটির সদস্য রাজিব বর্মন, বিধানসভা কনভেনর কনক চন্দ্র বর্মন এবং বিজেপির কিষান মোর্চার প্রাক্তন জেলা সভাপতি মুরারি কৃষ্ণ রায় সহ অন্যান্যরা।
অভিযোগ, কর্মসূচিতে যোগ দিতে আসার সময় বিজেপির একটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় মুরারি কৃষ্ণ রায় ও সাবিত্রী বর্মন আহত হয়েছেন বলে দাবি বিজেপির। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, গাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপির দুই গোষ্ঠীর অন্তর্কলহের জেরেই এই ঘটনা ঘটেছে। এতে তাদের কোনও ভূমিকা নেই।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও পুলিশের তৎপরতায় বড় ধরনের অশান্তি এড়ানো সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু হয়েছে।





