খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারিঃ আসানসোল আদালত চত্বরে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ায় বোমাতঙ্ককে ঘিরে। কর্মব্যস্ত সময়েই জেলা জজের কাছে ইমেল মারফত বোমা রাখার হুমকি আসে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেই খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালতের কর্মীদের মধ্যে মুহূর্তের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ইমেলের খবর পাওয়ার পরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ করা হয়। বিশাল পুলিশ বাহিনী আদালত চত্বরে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার স্বার্থে আদালতের ভেতরে চলতে থাকা কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং পুরো চত্বর খালি করে দেওয়া হয়।
এরপর শুরু হয় তল্লাশি অভিযান। আদালতের বিভিন্ন কক্ষ, বার লাইব্রেরি, বিচারকদের দপ্তর এবং আশপাশের এলাকা খতিয়ে দেখা হয়। তল্লাশিতে আনা হয় স্নিফার ডগ বা বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর, যারা বিস্ফোরক চিহ্নিত করতে সক্ষম। পাশাপাশি বোম্ব স্কোয়াডও সতর্ক অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের এক আধিকারিক জানান, হুমকি ইমেলটি কোথা থেকে পাঠানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সাইবার সেলের সাহায্যে ইমেলের উৎস শনাক্ত করার চেষ্টা চলছে। যদিও প্রাথমিকভাবে এটি ভুয়ো হুমকি বলেই মনে করা হচ্ছে, তবুও কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।
ঘটনার জেরে আদালত চত্বরে কিছু সময়ের জন্য স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে আদালতের কাজ শুরু হয়। তবে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।





