খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ ফেব্রুয়ারিঃ অবশেষে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। প্রথমার্ধের কাউন্সেলিং চলবে সকাল ১০টা ৩০ মিনিট থেকে এবং দ্বিতীয়ার্ধ শুরু হবে দুপুর ২টো থেকে।
এসএসসি সূত্রে খবর, আপাতত কয়েকটি নির্দিষ্ট বিষয়ের জন্য কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম পর্বে যে বিষয়গুলির কাউন্সেলিং হবে সেগুলি হল-অ্যান্ড্রোপলজি, হোম সায়েন্স, মিউজিক, সাঁওতালি, অ্যাগ্রোনমি, অ্যাকাউন্টেন্সি (বাংলা, হিন্দি, উর্দু মাধ্যম) এবং ফিজিক্যাল এডুকেশন। একই দিনে এবং একই সময়ে সর্বাধিক তিনটি বিষয়ের কাউন্সেলিং রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।
প্রার্থীরা ২০ ফেব্রুয়ারি থেকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কাউন্সেলিংয়ের ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। ওই দিনই শূন্যপদের বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত ক্যাটেগরি-ভিত্তিক স্কুলের শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি।
কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সময় ও নিয়ম মেনে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র সঙ্গে রাখতে হবে। নির্দিষ্ট নথি জমা না দিলে বা কোনও তথ্য অসঙ্গতিপূর্ণ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে।
অন্যান্য বিষয়ের কাউন্সেলিংয়ের সূচিও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণায় স্বস্তি ফিরেছে চাকরিপ্রার্থীদের মধ্যে।





