শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ চাকরির দাবিতে ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর আহ্বানে সোমবার শিলিগুড়িতে মিছিল করল ভারতীয় জনতা যুব মোর্চা। একদিকে পুরনিগমের বাজেট পেশ, অন্যদিকে বিক্ষোভ এই দ্বৈত পরিস্থিতিতে কিছু সময়ের জন্য উত্তাল হয়ে ওঠে শিলিগুড়ি পুরনিগম চত্বর ও সংলগ্ন এলাকা।
সংগঠনের শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে শহরের প্রধান সড়ক ধরে প্রতিবাদ মিছিল বের হয়। হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে অংশ নেন বহু যুব কর্মী-সমর্থক। আন্দোলনকারীদের স্লোগান ছিল “কর্মসংস্থানের সংকটে চাকরিহীন পশ্চিমবঙ্গ”, “ভাতা নয়, চাকরি চাই”, এবং “কর্পোরেশন চল, চাকরির দাবিতে চল।” তাঁদের অভিযোগ, রাজ্যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির জেরে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। দ্রুত ও স্বচ্ছ নিয়োগের জন্য সরকারকে স্পষ্ট রূপরেখা ঘোষণার দাবি তোলা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর ঘোষ এবং সাংসদ রাজু বিস্ত। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীরা আন্দোলন করলেও রাজ্য সরকারের তরফে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। “অস্থায়ী ভাতা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, স্থায়ী কর্মসংস্থানই একমাত্র পথ” এমন মন্তব্য করেন নেতারা।
মিছিল শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতা অবলম্বন করা হয়। কিছু সময়ের জন্য যান চলাচলে প্রভাব পড়লেও বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
বিজেপি যুব মোর্চার তরফে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে। চাকরির ইস্যু ঘিরে শিলিগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।





