শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র শিলিগুড়ির দার্জিলিং মোড়ে রেলওভার ব্রিজ (ROB) নির্মাণের কাজ জোরকদমে এগোচ্ছে। বাংলা, বিহার ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগের অন্যতম ব্যস্ত এই এলাকায় দীর্ঘদিন ধরে যানজটের সমস্যা ছিল। সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে রেলের সহযোগিতায় ROB নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাত থেকে নির্দিষ্ট সময়সীমা ধরে প্রায় তিন ঘণ্টার রেল ব্লকের মধ্যে ব্রিজের গার্ডার বসানোর কাজ শুরু হয়। প্রকল্প অনুযায়ী মোট ছ’টি গার্ডার বসানো হবে বলে জানা গিয়েছে। কাজের স্বার্থে প্রতিদিন গভীর রাতে সাময়িকভাবে রেল চলাচল বন্ধ রাখা হচ্ছে এবং রেলপথের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। রাত দু’টো পর্যন্ত নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
কাজ চলাকালীন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ–এর ট্রাফিক বিভাগ নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে। পাশাপাশি ভারতীয় রেল ও বিদ্যুৎ দফতরের আধিকারিকরাও সমন্বয় রেখে কাজ করছেন।
এনএইচ-এর চিফ ইঞ্জিনিয়ার (উত্তর) দীপক সিং জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিন দিনের সময়সীমা ধার্য করা হলেও দ্রুতগতিতে কাজ এগোনোর ফলে শুক্রবার রাতের মধ্যেই গার্ডার বসানোর কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন কাজের সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ডিসিপি শামসুদ্দিন আহমেদ, দার্জিলিং মোড় ট্রাফিক ইন্সপেক্টর রিদাম সাহা, বালাসন ট্রাফিক ওসি গোবিন্দ রায়সহ রেল ও জাতীয় সড়ক দফতরের একাধিক ইঞ্জিনিয়ার ও আধিকারিক। ইঞ্জিনিয়ারদের আশা, ROB নির্মাণ সম্পূর্ণ হলে দার্জিলিং মোড় এলাকায় দীর্ঘদিনের যানজট অনেকটাই কমবে এবং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ আরও দ্রুত এগোবে।





