দিনহাটা, ১১ ফেব্রুয়ারি : ভোররাতে পাশ কাটিয়ে যেতে গিয়ে উল্টে গেল ইট বোঝাই ট্রাক, মাথা ফাটলো চালকের।বলরামপুর–দিনহাটা রাজ্য সড়কের বেহাল অবস্থায় ফের দুর্ঘটনা। ঘটনায় গুরুতর জখম হন ট্রাকের চালক। দুর্ঘটনাটি ঘটে বুড়িরহাট হাই স্কুল সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি আসাম থেকে ইট নিয়ে সিতাইয়ের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খানাখন্দে পড়ে উল্টে যায় ট্রাকটি।দুর্ঘটনায় ট্রাক চালকের মাথায় গুরুতর চোট লাগে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
তবে ট্রাকের খালাসি অক্ষত রয়েছেন বলে জানা গেছে।এলাকাবাসীর অভিযোগ, বলরামপুর থেকে দিনহাটা পর্যন্ত দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা। বড় বড় গর্ত ও ভাঙাচোরা রাস্তার কারণে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে দ্রুত রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।





