খবরিয়া ২৪ ডেস্ক, ১০ ফেব্রুয়ারিঃ বঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বেজে যেতে পারে মার্চের শুরুতেই। সব কিছু ঠিক থাকলে আগামী ২ মার্চ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এবছর মাত্র তিন দফাতেই রাজ্যের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে।
সূত্র অনুযায়ী, উত্তরবঙ্গের আটটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ এক দফাতেই ভোট করানোর ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে দুই দফায় ভাগ করে ভোট করানো হতে পারে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদীয়া জেলায় এক দফায় ভোটগ্রহণ হতে পারে। অপরদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে দুই দফায় ভোট করানোর সম্ভাবনা রয়েছে।
বর্তমানে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। খুব শীঘ্রই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসবেন। সেই বৈঠক থেকে সবুজ সংকেত মিললেই ২ মার্চ চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। কমিশনের অভ্যন্তরীণ সূত্রের দাবি, কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা সম্ভব, তার ওপর ভিত্তি করেই দফা ও দিনক্ষণ চূড়ান্ত হবে।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, গত কয়েক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচটি জেলাকে ‘অশান্তিপ্রবণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জেলাগুলি হল মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এই জেলাগুলিতে বাড়তি নজরদারি ও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে।
উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের তরফে জাতীয় নির্বাচন কমিশনের কাছে ভোটের দফা কমানোর আবেদন জানানো হয়েছিল। রাজ্য এক দফায় ভোট করাতে চাইলেও শেষ পর্যন্ত তিন দফাতেই ভোটের সম্ভাবনা জোরালো বলেই মনে করছে রাজনৈতিক মহল।





