খবরিয়া ২৪ ডেস্ক, ২১ জানুয়ারিঃ পর্দায় তাঁর উপস্থিতি মানেই সংযমী গ্ল্যামার আর তীক্ষ্ণ ব্যক্তিত্বের ঝলক। বয়স যে শুধুই একটি সংখ্যা, তা বারবার প্রমাণ করেছেন তবসুম ফতিমা হাসমি ওরফে তাব্বু। পঞ্চাশ পেরিয়েও আজকের প্রজন্মের যে কোনও নায়িকাকে ব্যক্তিত্ব ও অভিনয়ে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। অথচ বলিউডে দীর্ঘ আড়াই দশকের কেরিয়ারে আজও অবিবাহিত তাব্বু। সেই নিয়েই অনুরাগীমহলে বরাবর কৌতূহল।
সম্প্রতি সেই কৌতূহলই রূপ নিয়েছে তীব্র বিতর্কে। নেটভুবনে ভাইরাল হয়েছে তাব্বুর নামে একটি মন্তব্য, যেখানে দাবি করা হয় অভিনেত্রী নাকি বলেছেন, তাঁর জীবনে পুরুষের প্রয়োজন শুধুই শারীরিক সম্পর্কে সীমাবদ্ধ, এবং তিনি একা থাকতেই স্বচ্ছন্দ। এই মন্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় প্রবল সমালোচনা। যৌনচাহিদা নিয়ে এমন প্রকাশ্য মন্তব্য কি আদৌ একজন প্রথম সারির অভিনেত্রীর মুখে মানায় সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।
কিন্তু প্রশ্ন উঠছে, তাব্বু কি সত্যিই এমন কথা বলেছেন? নাকি তাঁর বক্তব্য বিকৃত হয়ে ছড়িয়েছে ডিজিটাল দুনিয়ায়? বলিউড ঘনিষ্ঠ সূত্রে খবর, যে সাক্ষাৎকারের অংশ ঘিরে এত বিতর্ক, সেখানে তাব্বু আদৌ এমন কোনও মন্তব্য করেননি। অভিনেত্রী মূলত বলেছিলেন, তিনি বর্তমানে ব্যাচেলর জীবন উপভোগ করছেন এবং আপাতত বিয়ে বা সম্পর্কে জড়ানোর কোনও প্রয়োজন অনুভব করছেন না। নিজের একাকিত্বকে তিনি স্বাধীনতা হিসেবেই দেখেন এই ছিল তাঁর বক্তব্যের মূল সুর।
কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে সেই বক্তব্যই ছাঁটাছাঁটি হয়ে, তিল থেকে তাল হয়ে ছড়িয়ে পড়ে। ফলত তৈরি হয় ভুল ব্যাখ্যা এবং বিতর্ক। এই ঘটনা ফের একবার দেখিয়ে দিল, সোশাল মিডিয়ার যুগে তারকাদের মন্তব্য কত সহজেই অপভ্রংশের শিকার হতে পারে। তাব্বু অবশ্য এই বিতর্কে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে নেটপাড়ায় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ভাইরাল মন্তব্যের আড়ালে বাস্তবের তাব্বু একেবারেই অন্যরকম।





