আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিমানের শৌচাগারে বোমাতঙ্কের চিরকুট, দিল্লি–বাগডোগরা ফ্লাইটে আতঙ্ক, ১৮০ জন যাত্রীকে নামিয়ে তল্লাশি

Published on: January 18, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ জানুয়ারিঃ মাঝ আকাশে উড়ান চলাকালীন আচমকাই ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। বিমানের শৌচাগারে রাখা একটি টিস্যু পেপারে লেখা ছিল ‘বিমানে বোমা রাখা আছে’। সেই চিরকুট নজরে আসতেই ঝুঁকি নিতে রাজি হননি পাইলট। দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমানকে জরুরি ভিত্তিতে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, ৬ই ৬১৬৭ (6E 6167) নম্বর ফ্লাইটটি রবিবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উড়ানের মাঝপথে এক যাত্রী শৌচাগারে গিয়ে ওই সন্দেহজনক চিরকুটটি দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গেই কেবিন ক্রুদের বিষয়টি জানান। মুহূর্তের মধ্যে বিমানের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট দ্রুত লখনউয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।

বিমান অবতরণের আগেই লখনউ বিমানবন্দরে জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। বম্ব স্কোয়াড, দমকল বাহিনী ও বিপুল পুলিশ বাহিনী আগে থেকেই প্রস্তুত থাকে। বিমানটিকে নির্দিষ্ট একটি ‘আইসোলেশন বে’-তে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা বিধি মেনে বিমানে থাকা ১৮০ জনেরও বেশি যাত্রীকে দ্রুত নামিয়ে আনা হয়। যাত্রীদের ব্যক্তিগত লাগেজ, কেবিন ব্যাগ এবং বিমানের প্রতিটি অংশ খুঁটিয়ে তল্লাশি চালানো হয়।

প্রাথমিক তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। তবে কে বা কারা ওই চিরকুটটি শৌচাগারে রেখেছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা কয়েকজন সন্দেহভাজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন। লখনউ বিমানবন্দরের এক শীর্ষ আধিকারিক জানান, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এটি নিছক ভুয়ো হুমকি, নাকি এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে তা সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার জেরে চরম ভোগান্তিতে পড়েন বাগডোগরাগামী যাত্রীরা। দীর্ঘক্ষণ তল্লাশি চলায় লখনউ বিমানবন্দরেই আটকে থাকতে হয় তাঁদের। ইন্ডিগো কর্তৃপক্ষ জানায়, সমস্ত নিরাপত্তা যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই বিমানটিকে ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করানো হবে। উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে একাধিক ভুয়ো বোমাতঙ্কের ঘটনা সামনে এসেছে। প্রশাসন প্রতিবারই কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। রবিবারের এই ঘটনা সেই উদ্বেগের তালিকায় নতুন করে নাম যোগ করল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment