খবরিয়া ২৪ ডেস্ক, ১৬ জানুয়ারিঃ ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগকে ঘিরে শুক্রবার সকাল থেকে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বেলডাঙা। ট্রেন অবরোধ ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এই ঘটনার মধ্যেই উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বেলডাঙার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভকারী সংখ্যালঘুদের ক্ষোভকে ‘বৈধ’ ও ‘স্বাভাবিক’ বলেই ব্যাখ্যা করলেন তিনি। পাশাপাশি ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্তার ঘটনার জন্য ফের বিজেপিকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “বেলডাঙায় জানেন কাদের প্ররোচনা আছে। আমি কিছু বলতে চাই না। শুক্রবার জুম্মাবার সংখ্যালঘুদের কাছে এটা পবিত্র দিন। যেমন শিবের বার, দুর্গার বার আছে। জুম্মার দিনে মানুষ নমাজ পড়তে আসে। সেই জায়গায় যদি কেউ রাজনৈতিক স্বার্থে উসকানি দেয়, তাহলে ক্ষোভ তৈরি হওয়াটাই স্বাভাবিক। আমিও এই ঘটনায় ক্ষুব্ধ।” মুখ্যমন্ত্রীর বক্তব্য, ধর্মীয় অনুভূতির জায়গায় রাজনৈতিক উদ্দেশ্যে উসকানি দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
একই সঙ্গে SIR প্রক্রিয়া নিয়েও তীব্র অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভোটার তালিকা থেকে একতরফাভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। “মতুয়া, রাজবংশী, আদিবাসীদের বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে। প্রতিদিন হোয়াটসঅ্যাপে নির্দেশ বদলাচ্ছে। বিএলওরা চাপে পাগল হয়ে যাচ্ছেন। ইতিমধ্যে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে,” বলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই বাংলায় অশান্তি ও দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে চাইছে বিজেপি। ভোটে লড়াই করতে না পেরে ষড়যন্ত্রের পথ নিয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।
পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন মমতা। তিনি বলেন, “এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের সাহায্যও করা হচ্ছে। সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন। যাঁদের নোটিস দেওয়া হয়েছে, তাঁরা ফর্ম জমা দিন। আদালতের উপর ভরসা রাখুন।”
বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “যা হচ্ছে সব অন্যায়। মূলত বিজেপি শাসিত রাজ্যেই এসব ঘটনা ঘটছে। তারপরও কীভাবে তারা ভাবছে বাংলার মানুষের সমর্থন পাবে? নির্লজ্জের দল।” শেষে সংখ্যালঘুদের উদ্দেশে তাঁর আবেদন, “ভাইবোনেরা শান্ত থাকুন। কোনও উসকানিতে পা দেবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি।”





