কলকাতা, ২৯ নভেম্বরঃ বিধানসভায় বিরোধী দলনেতার কুর্সি নিয়ে আইনি লড়াই এখনও শেষ হয়নি। তার মধ্যেই তৃণমূলের দুই শিবিরের সংঘাত এবার কার্যত ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে। হাই কোর্টের রায়কে নিজেদের পক্ষে বলে দাবি করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নিশানা করলেন কালীঘাট শিবিরের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু ঋতব্রত নন, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুকেও নিরপেক্ষ থাকার বার্তা দিয়েছেন তিনি। পাল্টা কল্যাণের ব্যক্তিগত সাসপেনশন বিতর্ক টেনে এনে আক্রমণ শানিয়েছেন ঋতব্রত। সব মিলিয়ে বিরোধী দলনেতার মর্যাদা নিয়ে আইনি টানাপড়েনের পাশাপাশি রাজনৈতিক তরজাও নতুন মাত্রা পেল।
শনিবার কলকাতায় ফিরে ঋতব্রতকে তীব্র কটাক্ষ করেন কল্যাণ। তাঁর বক্তব্য, হাই কোর্টের রায়ে ঋতব্রতদের দাবি ধাক্কা খেয়েছে। আক্রমণের সুর চড়িয়ে তিনি বলেন, ‘‘কেমন দিয়েছি ঋতব্রতদের? বড্ড বেড়েছিল। ওকে পুকুরের জলে চোবাবো।’’ এর পরেই অধ্যক্ষ রথীন্দ্র বসুকে নিশানা করে তাঁর মন্তব্য, ‘‘কী স্পিকার সাহেব, কেমন লাগছে? নিরপেক্ষ হোন আপনি। বাবারও বাবা আছে, আপনার মাথার উপর সংবিধান আছে, সুপ্রিম কোর্ট আছে। আবার কিছু করলে ওই স্পিকারকে আবার দেব।’’
এর আগে ঋতব্রতর রাজনৈতিক অতীত নিয়েও কটাক্ষ করেছিলেন কল্যাণ। তাঁর অভিযোগ, ঋতব্রত একসময় সিপিএমের আশ্রয়ে ছিলেন, পরে তৃণমূলে এসেছিলেন। এখন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। অন্যদিকে, শুক্রবার নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে কল্যাণ যে সমস্ত দাবি করেছিলেন, তার কোনও ভিত্তি নেই বলে পাল্টা দাবি করেছেন ঋতব্রত। তাঁর কটাক্ষ, কমিশনের দফতরে কল্যাণ চুপ করে বসেছিলেন, বাইরে বেরিয়ে অর্থহীন কথা বলেছেন।
শনিবার ঋতব্রত আরও তীব্র ভাষায় আক্রমণ করেন কল্যাণকে। তাঁর দাবি, শুক্রবার নিজের সাসপেনশন সামলাতে দরবার করতে গিয়েছিলেন কল্যাণ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ঋতব্রতর কথায়, ‘‘যা বলছেন, হতাশা থেকে বলছেন। ওঁদের শিবিরে যে আটজন ছিল, তার থেকে কল্যাণবাবু বাদ।’’ এরপরই পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিজেদের সাতজনের ভোট যাতে ঠিক জায়গায় পড়ে, তা নিশ্চিত করুন কল্যাণ। নইলে ভোটের দিন সন্ধ্যায় তাঁকে বা আখরুজ্জামানকে অন্য কথা বলতে হতে পারে।
এদিকে, লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জারি করা হুইপ নিয়েও প্রশ্ন তুলেছেন ঋতব্রত। তাঁর বক্তব্য, তৃণমূলের নাম ও প্রতীক যখন ফ্রিজ করা রয়েছে, তখন সেই নাম ও প্রতীক ব্যবহার করে অভিষেক কীভাবে হুইপ জারি করেন? তাঁর কটাক্ষ, ‘‘যে পার্টি নেই, সেই পার্টিও হুইপ জারি করছে!’’
আসন্ন ডিলিমিটেশন বিল নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ঋতব্রত। তাঁর দাবি, তাঁরা বিলের পক্ষে। কারণ আসন বাড়লে বাংলার প্রতিনিধিত্বও বাড়বে। বর্তমানে রাজ্যের ৪২টি লোকসভা আসন বেড়ে ৬৩টি হতে পারে বলে দাবি করেছেন তিনি।
সব মিলিয়ে বিরোধী দলনেতার পদ নিয়ে আদালতের রায়ের পরেও রাজনৈতিক সংঘাত থামার লক্ষণ নেই। বরং অধ্যক্ষের পরবর্তী সিদ্ধান্তের আগে দুই শিবিরের বাকযুদ্ধ আরও তীব্র হচ্ছে। এবার দেখার, বিধানসভার অঙ্কে শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হয়।





