কলকাতা, ২৯ নভেম্বরঃ মিছিলের স্লোগান ছিল ‘অরাজকতা হঠাও, গণতন্ত্র বাঁচাও’। কিন্তু সেই মিছিলেই এক ব্যক্তিকে ঘিরে কার্যত অস্বস্তিতে পড়ল বিজেপি। প্রাক্তন তৃণমূল নেতা তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ নাসরিন খাতুনের স্বামী মাসুদ আলম খান ওরফে গুড্ডু খানকে মিছিলে হাঁটতে দেখেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীদের একাংশ। ‘গুড্ডু খান দূর হঠো’ স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সেই বিক্ষোভের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দক্ষিণ হাওড়ার বিজেপি সংগঠনের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে এসেছে।
ঘটনাটি দু’দিন আগের। দক্ষিণ হাওড়ায় বিজেপির উদ্যোগে আয়োজিত ওই মিছিলের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, গুড্ডু খানকে মিছিলে দেখে আপত্তি জানাচ্ছেন দলেরই কিছু কর্মী। তাঁদের অভিযোগ, তৃণমূলের নেতা থাকার সময় গুড্ডু খানের বিরুদ্ধে অত্যাচার ও দুর্নীতির অভিযোগ ছিল। যাঁদের বিরুদ্ধে একসময় লড়াই করেছেন বিজেপির কর্মীরা, তাঁদেরই কীভাবে দলে জায়গা দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
ঘটনায় অস্বস্তি বেড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উমেশ রাই। তাঁর বক্তব্য, বিভিন্ন এলাকায় তৃণমূলের শাসনকালে যাঁরা অত্যাচার ও অরাজকতার শিকার হয়েছেন, তাঁদের পক্ষে সেই নেতাদের সহজে মেনে নেওয়া সম্ভব নয়। বিশেষত, যাঁরা অতীতে ওই নেতাদের হাতে প্রতারিত হয়েছেন, তাঁদের ক্ষোভ থাকতেই পারে।
উমেশ রাইয়ের কথায়, ‘‘বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ক্ষোভ আছে। কিছু কিছু জায়গায় যেখানে তৃণমূলের নেতারা গুন্ডাগিরি করেছে ও অরাজকতা করেছে, তাঁদের সহজে বিজেপি কার্যকর্তারা মেনে নিতে চাইছেন না। বিশেষ করে যাঁরা তাঁদের হাতে প্রতারিত হয়েছেন। কার্যকর্তাদের কথাও পার্টিকে ভাবতে হবে, আলোচনা করতে হবে। এই ধরনের পরিস্থিতি যাতে আগামী দিনে না হয়, তার জন্য পার্টিকে বিষয়টি গুরুত্ব দিয়ে বুঝতে হবে।’’
অন্যদিকে, যাঁকে ঘিরে এত বিতর্ক, সেই গুড্ডু খান অবশ্য বিক্ষোভের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, দলের বৈঠক শেষ হওয়ার পর কে কী করেছেন, তা তাঁর নজরে আসেনি। মিছিল ও সভা শেষ করেই তিনি বেরিয়ে গিয়েছিলেন। তাঁর বক্তব্য, ‘‘আমি ২০২১ সাল থেকে বিজেপি করছি। যা দেখার দল দেখেছে, যা বলার দল বলবে।’’
তবে এখানেই থামেননি গুড্ডু খান। বিক্ষোভকারীদের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ হাওড়ার বিজেপি প্রার্থী শ্যামল হাতির হয়ে ওই কর্মীরা যথাযথভাবে কাজ করেননি। বরং তৃণমূলকে জেতার সুবিধা করে দিয়েছেন। তাঁর বক্তব্য, বিজেপির হয়ে আন্তরিকভাবে কাজ করলে শ্যামল হাতিই দক্ষিণ হাওড়ার বিধায়ক হতে পারতেন।
সব মিলিয়ে রাজনৈতিক পালাবদলের পরেও বিজেপির অন্দরে পুরনো তৃণমূল নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন যে পুরোপুরি মেটেনি, হাওড়ার এই ঘটনা তা ফের সামনে আনল। দলবদল করে আসা নেতাদের জায়গা দেওয়া এবং পুরনো কর্মীদের ক্ষোভ সামলানো দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাই এখন স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ।





