কলকাতা, ২৯ নভেম্বরঃ সংসদে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পেশ ঘিরে সোমবার বড় রাজনৈতিক লড়াইয়ের সম্ভাবনা। বিল পেশের জন্য লোকসভা ও রাজ্যসভায় ভোটাভুটির প্রস্তুতি চলছে। এনডিএ শিবির প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে ফেলেছে বলেই রাজনৈতিক মহলে জল্পনা। অন্যদিকে, বিলের বিরোধিতায় সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালীঘাটের তৃণমূল শিবির। কিন্তু বিরোধিতার সেই কৌশলে আচমকাই অনিশ্চয়তার ছায়া। জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল কি সোমবার সংসদে উপস্থিত থাকবেন? ভোটাভুটিতে কি অংশ নেবেন? অধিবেশনের মুখে তাঁকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
রাজ্যে পালাবদলের পর তৃণমূলের সাংসদদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। তাঁরা বর্তমানে এনডিএ শিবিরের সঙ্গে রয়েছেন। তবে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল এখনও কালীঘাটের তৃণমূল শিবিরেই রয়েছেন। ফলে সংসদে বিলের বিরোধিতায় তাঁর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু অধিবেশনের ঠিক আগে তাঁর দিল্লি যাত্রা নিয়েই তৈরি হয়েছে সংশয়।
রবিবারও নিজের এলাকাতেই ছিলেন প্রতিমা। দিল্লি যাওয়ার বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে চাননি তিনি। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অসুস্থ মা সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এই পরিস্থিতিতে মাকে বাড়িতে রেখে দিল্লি যাওয়া নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছেন সাংসদ। প্রতিমার কথাতেও সেই পারিবারিক পরিস্থিতির ইঙ্গিত মিলেছে। তাঁর বক্তব্য, ‘‘এখনও সময় আছে। যাব না, এখনই বলছি না। মোটামুটি সময় উপস্থিত থাকলেই তো হল। কিন্তু মাকেও তো দেখতে হবে।’’
তবে শুধু পারিবারিক কারণেই কি দিল্লি যাত্রা নিয়ে অনিশ্চয়তা? কালীঘাট তৃণমূল শিবিরের অভিযোগ, প্রতিমা মণ্ডলকে ক্রমাগত ভয় দেখানো হচ্ছে। তাঁকে সংসদে যেতে বাধা দেওয়ার জন্য চাপ তৈরি করা হচ্ছে বলেও দাবি দলের। গত কয়েক দিনে প্রতিমার ঘনিষ্ঠ তিনজনকে পুলিশ আটক করেছিল বলে অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। যদিও এই অভিযোগের বিষয়ে প্রতিমা নিজে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি। বিরোধীদের চাপের মুখে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, শুক্রবার প্রতিমা মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে বলেও জানা গিয়েছে। সাংসদ এখনও তাঁর সঙ্গেই রয়েছেন বলে কালীঘাট শিবিরের দাবি। ফলে সোমবার সংসদে তাঁর উপস্থিতি নিয়ে দলের অন্দরে প্রত্যাশা রয়েছে।
সব মিলিয়ে বিল পেশের আগে প্রতিমা মণ্ডলের অবস্থান ঘিরে তৈরি হয়েছে বাড়তি রাজনৈতিক কৌতূহল। তিনি দিল্লি পৌঁছলে তৃণমূলের বিরোধিতার অবস্থান আরও স্পষ্ট হবে। আর শেষ পর্যন্ত অনুপস্থিত থাকলে ভোটাভুটির অঙ্কে তার কী প্রভাব পড়বে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এখন নজর সোমবারের দিকে অসুস্থ মায়ের পাশে থাকবেন, নাকি সংসদে গিয়ে দলের অবস্থানকে শক্তিশালী করবেন জয়নগরের সাংসদ?





