কলকাতা, ২৬ নভেম্বরঃ চাকরির অপেক্ষায় দিন গুনছেন বহু যুবক-যুবতী। কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, কেউ আবার কাজের সন্ধানে ঘুরছেন এক দরজা থেকে অন্য দরজায়। এই দীর্ঘ অপেক্ষার সময়ে তাঁদের হাতে সামান্য আর্থিক সহায়তা তুলে দিতে নতুন সরকারের উদ্যোগ ‘ভরসা’ প্রকল্প। নামের মধ্যেই রয়েছে আশ্বাসের ইঙ্গিত। বেকারত্বের কঠিন সময়ে আর্থিক সহায়তার মাধ্যমে যুবসমাজের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তবে কারা পাবেন এই সুবিধা? কত টাকা মিলবে? আবেদনের জন্য কী কী যোগ্যতা থাকা প্রয়োজন? বুধবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে সেই সংক্রান্ত একাধিক বিষয় স্পষ্ট করা হয়েছে।
সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘ভরসা’ প্রকল্পের আর্থিক সুবিধার কথা ঘোষণা করেন। জানানো হয়, এই প্রকল্পে স্নাতক ডিগ্রিধারী বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ২ হাজার টাকা করে পাবেন। যাঁরা স্নাতক নন, অর্থাৎ মাধ্যমিক উত্তীর্ণ হলেও স্নাতক ডিগ্রি অর্জন করেননি, তাঁদের জন্য মাসিক সহায়তার পরিমাণ ১ হাজার ৫০০ টাকা। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সুবিধা পাওয়া যাবে। তবে প্রকল্পের সুবিধা পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা বাধ্যতামূলক।
কারা আবেদন করতে পারবেন?
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। স্নাতক এবং স্নাতক নন দুই ধরনের আবেদনকারীর জন্যই এই প্রকল্পের দরজা খোলা রাখা হয়েছে।
তবে যাঁরা ইতিমধ্যেই স্বনিযুক্ত কিংবা সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, তাঁরা এই সুবিধা পাবেন না। একই পরিবার থেকে সর্বাধিক দু’জন এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা কিংবা রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীরাও ‘ভরসা’ প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মানবিক পেনশনের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্দিষ্ট পেনশন যাঁরা পান, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য।
ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক?
প্রকল্পের যোগ্যতার ক্ষেত্রে ভোটার তালিকায় নাম থাকার বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসআইআর ২০২৬-এর পর চূড়ান্তভাবে প্রকাশিত ভোটার তালিকায় আবেদনকারীর নাম থাকতে হবে। তবে যাঁদের নাম নিয়ে এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন, কিংবা যাঁদের সিএএ-র অধীনে করা আবেদন এখনও বিবেচনাধীন, তাঁরাও নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারবেন।
কীভাবে হবে আবেদন যাচাই?
আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে ‘আপনার সরকার আপনার পাশে’ জনঅভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাকে কাজে লাগানো হবে। এই ব্যবস্থার মাধ্যমে জমা পড়া তথ্য খতিয়ে দেখে যোগ্য আবেদনকারীদের বিবরণ ‘ভরসা’ প্রকল্পের তথ্যভাণ্ডারে যুক্ত করা হবে। শুধু আবেদন জমা দিলেই মিলবে না আর্থিক সহায়তা। যোগ্যতার শর্ত মেনে সংগৃহীত তথ্যের সরেজমিনে যাচাই করা হবে। সেই যাচাইয়ের ভিত্তিতে নির্ধারিত আধিকারিক যোগ্য আবেদনকারীদের নাম সুপারিশ করবেন।
কখন বন্ধ হতে পারে আর্থিক সহায়তা?
প্রকল্পের সুবিধা পাওয়ার পরেও কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে উপভোক্তাদের। কোনও আবেদন ভুলবশত মঞ্জুর হয়ে থাকলে, কিংবা পরবর্তী সময়ে উপভোক্তা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ না করলে তাঁর আর্থিক সহায়তা বন্ধ বা স্থগিত করা হতে পারে। তবে তার আগে সংশ্লিষ্ট উপভোক্তাকে নিজের বক্তব্য পেশের সুযোগ দিতে হবে।
সব মিলিয়ে, কর্মসংস্থানের অপেক্ষায় থাকা যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ প্রকল্প কতটা সহায়ক হয়ে ওঠে, এখন সেটাই দেখার। মাসিক ১,৫০০ থেকে ২,০০০ টাকার এই সহায়তা চাকরির বিকল্প নয় ঠিকই, তবে কর্মসংস্থানের সন্ধানে থাকা বহু তরুণ-তরুণীর কাছে তা সাময়িক আর্থিক স্বস্তির কারণ হয়ে উঠতে পারে। সরকারের ঘোষণার পর এবার নজর প্রকল্পের বাস্তবায়ন এবং যোগ্যদের হাতে নিয়মিত সহায়তা পৌঁছনোর দিকে।





