শিলিগুড়ি, ২৬ নভেম্বরঃ শিলিগুড়িতে পুলিশের হেফাজত থেকে এক অভিযুক্তের পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কর্ণাটকের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত সুজন লাখন্ডরি ওরফে সন্তোষ বকার্ডি পুলিশের হেফাজত থেকেই পালিয়ে যায়।
জানা গিয়েছে, বিহারের দারভাঙা থেকে দু’জনকে গ্রেফতার করার পর তাঁদের জিজ্ঞাসাবাদে সুজনের নাম উঠে আসে। এরপর শিলিগুড়ি থেকে তাঁকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। ট্রানজিট রিমান্ডের জন্য আদালতে পেশ করার আগে অভিযুক্তকে নিয়ে একটি হোটেলে ওঠেন পুলিশকর্মীরা।
অভিযোগ, সন্ধ্যার দিকে ওই হোটেলের বাথরুমের জানলা ভেঙে পালিয়ে যায় সুজন। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে, এই ঘটনায় শিলিগুড়ির প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেছে কর্ণাটক পুলিশ।
পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কীভাবে অভিযুক্ত পালিয়ে গেল, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।





