আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজ আমলের রীতি মেনে রাসচক্র ঘোরালেন জেলাশাসক জিতিন যাদব; বুধবার রাসমেলার উদ্বোধনে আসার কথা মুখ্যমন্ত্রীর

Published on: November 24, 2026
---Advertisement---

মনিরুল হক, কোচবিহার: সময় বদলেছে, রাজতন্ত্রের অবসান হয়েছে। কিন্তু ইতিহাসের পাতায় লেখা কিছু ঐতিহ্য আজও একই মর্যাদায় বেঁচে রয়েছে কোচবিহারের মাটিতে। তারই অন্যতম নিদর্শন মদনমোহনের রাস উৎসব। রাস পূর্ণিমার পবিত্র সন্ধ্যায় ভক্তির আবহ, শঙ্খধ্বনি আর মানুষের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে মঙ্গলবার সূচনা হল ২১৪তম রাস উৎসবের। রাজ আমলের প্রথা মেনে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ মদনমোহন মন্দিরের ঐতিহ্যবাহী রাসচক্র ঘুরিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন জেলাশাসক তথা দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি জিতিন যাদব।

এদিন নির্দিষ্ট ধর্মীয় রীতি মেনে সারাদিন উপবাস করে বিশেষ পুজোয় অংশ নেন জেলাশাসক। পুজো শেষে রাসচক্র ঘোরানোর পর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার। দেবদর্শনের আশায় মন্দির চত্বরে ভিড় জমান অসংখ্য পুণ্যার্থী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনীষ জোশি, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস, রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়, দিনহাটার বিধায়ক অজয় রায়-সহ প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা।

পুজো শেষে জেলাশাসক বলেন, রাস পূর্ণিমার পবিত্র তিথিতে বাবা মদনমোহনের পুজো দিয়ে রাসচক্র ঘোরানোর সুযোগ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। এই বিশেষ মুহূর্তের জন্য কোচবিহারবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মদনমোহনের চরণে শত কোটি প্রণাম জানিয়ে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন জেলাশাসক।

কোচবিহারের রাস উৎসবের শিকড় ছড়িয়ে রয়েছে রাজপরিবারের ইতিহাসে। রাজপরিবারের কুলদেবতা মদনমোহন। ১৮৯০ সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণের আমলে প্রতিষ্ঠিত হয় মদনমোহন মন্দির। রাজপ্রাসাদ থেকে দেববিগ্রহ এনে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল। তার পর থেকে রাস উৎসব ক্রমশ কোচবিহারের ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি সাংস্কৃতিক পরিচয়েরও অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। প্রতি বছর এই উৎসব দেখতে কোচবিহার ও আশপাশের জেলা ছাড়াও অসম, নেপাল এবং ভুটান থেকে আসেন বহু মানুষ।

তবে রাস উৎসবের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আকর্ষণ রাসচক্র। কারণ, এই চক্রের নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ইতিহাস। দীর্ঘদিন ধরে রাসচক্র তৈরি করে আসছেন আলতাফ মিঞা। তাঁর মৃত্যুর পর পারিবারিক সেই দায়িত্ব পালন করছেন ছেলে আমিনুর মিঞা। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁরা যেন কোচবিহারের সামাজিক ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন। রাসচক্রের গায়ে নানা ধর্মীয় প্রতীকের উপস্থিতিও সেই সম্প্রীতির বার্তা বহন করে।

মন্দিরের রাস উৎসবের পাশাপাশি বুধবার থেকে শুরু হচ্ছে কোচবিহার পুরসভার পরিচালনায় ২১৪তম রাসমেলা। ২৫ নভেম্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। মহারাজাদের ভেটাগুড়িতে বসবাসের সময় থেকেই এই মেলার সূচনা বলে প্রচলিত রয়েছে। সেই রাজকীয় পরম্পরা আজও বহন করে চলেছে কোচবিহারের এই ঐতিহ্যবাহী মেলা।

টানা ১৫ দিন ধরে মেলা প্রাঙ্গণে বসবে কয়েকশো দোকান। থাকবে নাগরদোলা, সার্কাস-সহ নানা বিনোদনের আয়োজন। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও ব্যবসায়ীরা আসবেন পসরা সাজিয়ে। শুধু বিনোদন বা কেনাকাটা নয়, স্থানীয় অর্থনীতির ক্ষেত্রেও রাসমেলার গুরুত্ব যথেষ্ট। প্রতি বছর মেলাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ব্যবসা হয়। পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে হোটেলগুলিতেও জায়গার টান পড়ে।

সব মিলিয়ে কোচবিহারের রাস উৎসব যেন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, লোকসংস্কৃতি ও সম্প্রীতির এক মিলনক্ষেত্র। একদিকে মদনমোহনের আরাধনা, অন্য দিকে মুসলিম পরিবারের হাতে তৈরি রাসচক্র দুইয়ের মেলবন্ধনেই এই উৎসব পেয়েছে স্বতন্ত্র পরিচয়। রাজাদের শাসন নেই, রাজপ্রাসাদের সেই জৌলুসও আজ অতীত। তবু রাসচক্রের ঘূর্ণনে আজও বেঁচে রয়েছে কোচবিহারের উদার ঐতিহ্য। যে ঐতিহ্য মনে করিয়ে দেয়, উৎসবের আনন্দ কোনও এক সম্প্রদায়ের নয়, তা সকলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

সন্ধ্যায় ঘুরবে ঐতিহ্যের রাসচক্র, রাজকীয় সাজে সেজে উঠেছে মদনমোহন বাড়ি! সম্প্রীতির বার্তা বহন করছে আমিনুরের তৈরি চক্র

রাজা নেই, রাজতন্ত্র নেই, তবু অটুট সম্প্রীতির ঐতিহ্য! মুসলিম পরিবারের তৈরি রাসচক্র ঘুরিয়েই সূচনা মদনমোহনের রাস উৎসব

রাসমেলার শোভাযাত্রায় রাজকীয় চমক, জয়পুর থেকে এল জৌমতি-ময়না! হাতি দেখতে লিচুতলায় উপচে পড়ছে ভিড়

শিলিগুড়ির শিবরামপল্লিতে ড্রেন থেকে উদ্ধার ৩৫ বছরের ব্যক্তির দে/হ, মৃ/ত্যুর কারণ ঘিরে রহস্য

রাস্তা নির্মাণে অনিয়ম হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি! সাহেবগঞ্জে কাজের সূচনা করে ঠিকাদারকে সতর্ক করলেন জিবেশ বিশ্বাস

রাস পূর্ণিমার শুভক্ষণে জীবনে আসতে পারে বড় পরিবর্তন, কোন রাশির জন্য বিশেষ দিন?

Leave a Comment