কলকাতা, ২৩ নভেম্বরঃ নাম বদলের দীর্ঘদিনের বিতর্কে এ বার নতুন মোড়। ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, ‘বাংলা’ও নয় সব ভাষাতেই রাজ্যের নাম হোক ‘পশ্চিমবঙ্গ’। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করা হবে। বিধানসভায় প্রস্তাব পাশ হলে তা পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য।
রাজ্যের নাম বদলের দাবি অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে। তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিধানসভায় প্রস্তাবও পাশ হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদন না মেলায় সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এ বার রাজনৈতিক পালাবদলের পর নাম বদলের ভাবনায় নতুন মাত্রা যোগ করল বিজেপি সরকার।
নাম পরিবর্তনের পিছনে রয়েছে প্রশাসনিক যুক্তিও। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে কেন্দ্রীয় বৈঠকে রাজ্যগুলির প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। সেই তালিকায় ‘West Bengal’ নামের কারণে পশ্চিমবঙ্গকে অনেক সময় একেবারে শেষে অপেক্ষা করতে হয়। এই সমস্যার সমাধান হিসাবেই রাজ্যের নাম পরিবর্তনের ভাবনা বার বার সামনে এসেছে।
ইতিহাস বলছে, বাম আমলেও এ নিয়ে উদ্যোগ হয়েছিল। ১৯৯৯ সালের ২০ জুলাই বিধানসভায় রাজ্যের নাম সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাব পেশ করা হয়। তবে পরবর্তী আলোচনায় ‘বাংলা’ নামটিকেই বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়েছিল। পরবর্তীকালে তৃণমূল সরকারের আমলেও নাম বদলের চেষ্টা হয়। কিন্তু কেন্দ্রের সম্মতি না মেলায় তা কার্যকর হয়নি।
পালাবদলের পর রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও স্পষ্ট জানিয়েছিলেন, এ বার থেকে রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। সেই ঘোষণারই প্রশাসনিক রূপ দিতে চলেছে সরকার। আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা। তার মধ্যেই ৯ ডিসেম্বর নাম পরিবর্তনের প্রস্তাব পেশের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে বিধানসভায় প্রস্তাব পাশই শেষ কথা নয়। রাজ্যের নাম পরিবর্তনের জন্য প্রয়োজন কেন্দ্রের সাংবিধানিক অনুমোদন। ফলে এ বারও নজর থাকবে দিল্লির সিদ্ধান্তের দিকে।




