আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিয়ের আর মাত্র পাঁচ দিন বাকি, হঠাৎ সম্পর্ক ছিন্নের অভিযোগ! পণের দাবিতে বিয়ে ভাঙার নালিশ, ছেলের বাড়ির সামনে বিক্ষোভ

Published on: November 21, 2026
---Advertisement---

কোচবিহার, ২১ নভেম্বরঃ বিয়ের সানাই বাজতে আর মাত্র পাঁচ দিন বাকি। বাড়িতে তখন শেষ মুহূর্তের প্রস্তুতি। আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ থেকে শুরু করে বিয়ের আয়োজন সবই প্রায় চূড়ান্ত। কিন্তু আচমকাই ছন্দপতন! বিয়ের ঠিক পাঁচ দিন আগে সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর অভিযোগ উঠল পাত্রপক্ষের বিরুদ্ধে। শুধু তাই নয়, পণের দাবি পূরণ না করায় বিয়ে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ কনেপক্ষের। শেষ পর্যন্ত প্রতিবাদ জানাতে পাত্রের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভে সামিল হলেন তরুণীর পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছল পুলিশ। আটক করা হল পাত্রের বাবাকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের বাবুহাট সংলগ্ন খ্রিস্টানপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খ্রিস্টানপাড়া এলাকার এক যুবকের সঙ্গে পিলখানা লঙ্কাবর এলাকার এক তরুণীর প্রায় এক বছর আগে বিয়ে ঠিক হয়েছিল। দুই পরিবারের সম্মতিতেই বিয়ের দিনক্ষণ স্থির হয়। সেই মতো শুরু হয়েছিল প্রস্তুতি। বিয়ের যাবতীয় আয়োজনও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু অভিযোগ, বিয়ের ঠিক পাঁচ দিন আগে পাত্রের পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়, এই বিয়ে আর সম্ভব নয়।

কেন আচমকা এমন সিদ্ধান্ত? কনেপক্ষের অভিযোগ, পাত্রের পরিবারের তরফে পণের দাবি করা হয়েছিল। সেই দাবি পূরণে রাজি না হওয়াতেই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের আরও দাবি, বিয়েতে আসবাবপত্র দেওয়ার কথা থাকলেও তা নিয়েও পাত্রপক্ষের আপত্তি ছিল। শেষ পর্যন্ত পণের দাবি এবং আসবাবপত্র সংক্রান্ত মতবিরোধের জেরেই বিয়ের মাত্র পাঁচ দিন আগে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তরুণীর পরিবারের।

হঠাৎ করে বিয়ে ভেঙে দেওয়ার ঘটনায় কার্যত দিশাহারা হয়ে পড়েন তরুণীর পরিবারের সদস্যরা। শনিবার তাঁরা পাত্রের বাড়িতে গিয়ে বিয়ে বাতিলের কারণ জানতে চান। কিন্তু তাঁদের অভিযোগ, পাত্রপক্ষের কেউই সন্তোষজনক উত্তর দিতে চাননি। এর পরেই বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন তাঁরা। দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পাত্রের বাবাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে, ঘটনার বিষয়ে জানতে সাংবাদিকরা পাত্রের বাবার সঙ্গে কথা বলতে গেলে নতুন করে বিতর্ক তৈরি হয়। অভিযোগ, তিনি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি ক্যামেরায় ধাক্কা দেওয়া এবং ক্যামেরা বন্ধ করে দেওয়ার কথাও বলেন।

বিয়ের মতো সামাজিক সম্পর্কের ক্ষেত্রে শেষ মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় এলাকায় নানা প্রশ্ন উঠছে। সত্যিই পণের দাবিকে কেন্দ্র করেই বিয়ে ভাঙা হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ঘটনার সব দিক খতিয়ে দেখাই এখন তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment