দিনহাটা, ২১ নভেম্বরঃ দিনের আলোয় বাজারের ব্যস্ততার মধ্যেই দোকানে ঢুকে চুরির অভিযোগ। সুযোগ বুঝে স্কুল ব্যাগে ভরে নেওয়া হচ্ছিল পুরনো তামার তার। কিন্তু শেষরক্ষা হল না। দোকানের ভিতর থেকে শব্দ পেয়ে ফিরে আসতেই দুই কিশোরকে হাতেনাতে ধরে ফেললেন দোকান মালিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দিনহাটার বামনহাট বাজারে। আটক দু’জনই অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামনহাট রেলগেট ও মহাদেবের পাঠের মধ্যবর্তী এলাকায় আখতার আলীর একটি ইলেকট্রিক মেকারের দোকান রয়েছে। অভিযোগ, দোকান মালিক ব্যক্তিগত প্রয়োজনে কিছুক্ষণের জন্য বাড়ির ভিতরে গিয়েছিলেন। সেই সুযোগকেই কাজে লাগায় দুই নাবালক। দোকানে ঢুকে বেশ কিছু পুরনো তামার তার স্কুল ব্যাগে ভরতে শুরু করে তারা। আচমকাই দোকানের ভিতর থেকে কিছু শব্দ শুনতে পান আখতার। সন্দেহ হওয়ায় দ্রুত দোকানে ফিরে আসেন তিনি। এরপরই দুই কিশোরকে তার চুরি করার সময় ধরে ফেলেন।
ঘটনার কথা ছড়িয়ে পড়তেই দোকানের সামনে ভিড় জমে যায়। বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও সেখানে উপস্থিত হন। স্থানীয়দের মধ্যে শুরু হয় আলোচনা। দুই অভিযুক্তের বয়স কম হওয়ায় বিষয়টি নিয়ে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনই উঠেছে কিশোরদের এমন কাজে জড়িয়ে পড়ার পিছনে কারণ খোঁজার প্রশ্নও।
দোকান মালিক আখতার আলীর দাবি, এই প্রথম নয়, এর আগেও তাঁর দোকানে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। দু’দিন আগেও দোকান থেকে পুরনো তামার তার চুরি হয়েছিল বলে অভিযোগ তাঁর। পরপর এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন তিনি। তাঁর আশঙ্কা, বাজারের দোকানগুলিকে লক্ষ্য করে কেউ বা কারা এ ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
বামনহাট বাজারে দিনের বেলাতেই এমন ঘটনার অভিযোগে ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ব্যস্ত বাজারে দোকান সামলানোর পাশাপাশি সামান্য সময়ের জন্য বাইরে গেলেও চুরির আশঙ্কায় থাকতে হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
তবে দুই নাবালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রকৃত কারণ কী, এর পিছনে কোনও চক্রের যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বয়সের কথা মাথায় রেখে বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে দেখার পাশাপাশি ঘটনার যথাযথ তদন্তের দাবি উঠেছে। বাজারের ব্যবসায়ীদের বক্তব্য, ছোটখাটো চুরির ঘটনাকেও হালকা ভাবে দেখলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে। তাই বাজার এলাকায় নজরদারি বাড়ানো জরুরি।





