মাথাভাঙ্গা, ২০ নভেম্বরঃ বয়স মাত্র ৪২ বছর। অথচ সরকারি নথিতে তিনি বার্ধক্য ভাতার উপভোক্তা! শুধু তা-ই নয়, সেই কারণ দেখিয়েই বন্ধ হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। সরকারি প্রকল্পের স্ট্যাটাস পরীক্ষা করতে গিয়ে এমনই তথ্য সামনে আসায় কার্যত হতবাক মাথাভাঙার এক মহিলা। আধার নম্বরের অপব্যবহার ও পরিচয় সংক্রান্ত তথ্য জালিয়াতির আশঙ্কায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
ঘটনাটি মাথাভাঙা শহরের ১০ নম্বর ওয়ার্ডের। স্থানীয় বাসিন্দা ফুলমতি বর্মন রায় গত জুন মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর অক্টোবর মাসে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকে। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। নভেম্বর মাসে ফের বন্ধ হয়ে যায় টাকা আসা। কেন টাকা ঢুকছে না, তা জানতে প্রকল্পের স্ট্যাটাস পরীক্ষা করেন ফুলমতি।
সেখানেই চোখ কপালে ওঠে তাঁর। আবেদন সংক্রান্ত তথ্যের পাশে লেখা রয়েছে, ‘Disqualified Due to Old Age Pension’। অর্থাৎ, বার্ধক্য ভাতার উপভোক্তা হওয়ার কারণ দেখিয়ে তাঁকে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা থেকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। অথচ ফুলমতির দাবি, তাঁর বয়স মাত্র ৪২ বছর। তিনি কোনও বার্ধক্য ভাতাও পান না।
ফুলমতির অভিযোগ, খোঁজখবর করতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর আধার নম্বর ব্যবহার করে অন্য এক মহিলা বার্ধক্য ভাতা পাচ্ছেন। নাম, ঠিকানা এবং আধার নম্বর এক হলেও সরকারি নথিতে থাকা দুই মহিলার ছবি আলাদা বলে দাবি তাঁর। এমনকি, বার্ধক্য ভাতার উপভোক্তা হিসেবে দেখানো ওই মহিলার ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যে অন্য আধার নম্বর রয়েছে বলেও অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে আধার তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফুলমতির স্বামীর আশঙ্কা, তাঁদের পরিচয় সংক্রান্ত তথ্যের অপব্যবহার হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনা হোক এবং বন্ধ হয়ে যাওয়া অন্নপূর্ণা ভান্ডারের টাকা চালুর ব্যবস্থা করা হোক।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, রাজ্যে সরকারি প্রকল্পের সুবিধা বণ্টনে অনিয়ম হচ্ছে। যোগ্য হয়েও কেন এক মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তা নিয়ে তদন্তের দাবি তুলেছে তারা। যদিও অভিযোগের সত্যতা প্রশাসনিক তদন্তের পরেই স্পষ্ট হবে।





