তুফানগঞ্জ, ২০ নভেম্বরঃ দশ বছরের প্রেমের সম্পর্ক। একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্নও দেখেছিলেন দু’জনে। কিন্তু প্রেমিকার পুলিশের চাকরি পাওয়ার পর থেকেই সম্পর্কে নাকি তৈরি হয়েছে দূরত্ব। শেষ পর্যন্ত বিয়েতে রাজি নন প্রেমিকা। এমনই অভিযোগ তুলে সম্পর্কের স্বীকৃতির দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসলেন এক যুবক। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট এলাকায়।
ধরনায় বসা যুবকের নাম রাহুল রাভা। তাঁর বাড়ি বড় শালবাড়ি এলাকায়। রাহুলের দাবি, নাগুরহাট এলাকার এক তরুণীর সঙ্গে তাঁর প্রায় দশ বছরের প্রেমের সম্পর্ক। সম্পর্কের শুরুর দিকে দু’জনের মধ্যে বোঝাপড়া ভালই ছিল। এমনকি, প্রেমিকার পুলিশের চাকরির প্রস্তুতির সময়ও পাশে ছিলেন তিনি। রাহুলের দাবি, চাকরির পরীক্ষার জন্য প্রেমিকাকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। প্রায় তিন বছর আগে ওই তরুণী পুলিশের চাকরি পান। তার পর থেকেই ধীরে ধীরে তাঁর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন। একসময় বিয়েতে আপত্তির কথাও জানিয়ে দেন।
রাহুলের অভিযোগ, আগে দুই পরিবারের মধ্যেও বিয়ের বিষয়ে সম্মতি ছিল। কিন্তু এখন নানা অজুহাতে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন তরুণীর পরিবারের সদস্যরা। বারবার কথা বলেও কোনও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসার সিদ্ধান্ত নেন তিনি। তাঁদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি বাড়ির দেওয়ালে সাঁটিয়ে বিয়ের দাবিতে অবস্থান শুরু করেন যুবক।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ভিড় জমতে শুরু করে। তবে রাহুলের দাবি, তিনি ধরনায় বসার আগেই তরুণীর পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে চলে যান। খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে ওই যুবককে সেখান থেকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তরুণীর পরিবারের তরফেও এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ফলে দশ বছরের সম্পর্কের এই টানাপড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।





