আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে হাই কোর্টে তুমুল বাদানুবাদ! শেষ পর্যন্ত ২৯ জানুয়ারি পর্যন্ত রক্ষাকবচ

কলকাতা, ২০ নভেম্বরঃ বিচারব্যবস্থার সমালোচনা করছেন যিনি, তিনিই আবার সেই আদালতের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ চাইছেন! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে শুক্রবার কলকাতা হাই কোর্টে এমনই প্রশ্নে উত্তপ্ত হয়ে উঠল শুনানি। বিচারব্যবস্থাকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ তুলে তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে রাজ্য সরকার। পাল্টা আদালতের পর্যবেক্ষণ, দুটি সম্পূর্ণ পৃথক বিষয়। শেষ পর্যন্ত ডিজে বাজানোর হুঁশিয়ারি সংক্রান্ত মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আগামী বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়াল আদালত। আপাতত স্বস্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ।

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্য ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। ইতিমধ্যেই তাঁর বক্তব্যের জন্য তাঁকে শো-কজ করেছে হাই কোর্ট। কিন্তু তাতেও নিজের অবস্থান থেকে সরে আসেননি তৃণমূল সাংসদ। বরং তিনি দাবি করেছেন, বিচারব্যবস্থা নিয়ে কোনও অযৌক্তিক মন্তব্য করেননি। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গাড়িতে হামলার ঘটনার পরেও বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক।

শুক্রবার ডিজে মামলার শুনানিতে সেই প্রসঙ্গই তুলে ধরে রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধিতে আপত্তি জানায় রাজ্য। রাজ্যের বক্তব্য ছিল, যিনি প্রকাশ্যে বিচারব্যবস্থাকে কাঠগড়ায় তুলছেন, তাঁকে আদালতের তরফে কেন রক্ষাকবচ দেওয়া হবে? জবাবে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করেন, অভিষেকের মন্তব্য সংক্রান্ত বিষয় এবং ডিজে মামলায় তাঁর রক্ষাকবচের প্রশ্ন এক নয়। দুটি পৃথক বিষয়কে এক করে দেখা উচিত নয়।

তবে তাতেও বিতর্ক থামেনি। রাজ্যের আইনজীবীর পাল্টা প্রশ্ন, বিচারব্যবস্থার সমালোচনা করেও কী ভাবে সেই বিচারব্যবস্থার কাছেই সুরক্ষা চাইছেন অভিষেক? শুনানি চলাকালীন দু’পক্ষের মধ্যে বাদানুবাদ তীব্র আকার নেয়।

এ দিন বিচারপতি অভিষেকের ধারাবাহিক মন্তব্যের কারণ নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্যে কষ্ট পেয়েছেন বলেও জানান। অভিষেকের আইনজীবীকেও শুনানিতে ভর্ৎসনার মুখে পড়তে হয়।

তবে যাবতীয় বিতর্কের মধ্যেও ডিজে মামলায় রক্ষাকবচ বহাল রাখল আদালত। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত সেই সুরক্ষা বজায় থাকবে। অর্থাৎ বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের বিতর্ক একদিকে, আর অন্য মামলায় আইনি সুরক্ষা দুটি বিষয়কে পৃথক রেখেই আপাতত এগোল কলকাতা হাই কোর্ট।