শিলিগুড়ি, ২০ নভেম্বর : শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায় এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম তানিশা ঘোষ। বয়স ২৩ বছর। বৃহস্পতিবার রাতে নিজের ঘর থেকেই তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তরুণীর মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তানিশা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর চিকিৎসা করানোর জন্য পরিবারের তরফে বিভিন্ন জায়গায় চেষ্টা করা হয়েছিল। তবে তেমন উন্নতি হয়নি বলে দাবি পরিবারের। তাঁকে কেন্দ্র করে বাড়িতে মাঝেমধ্যেই অশান্তির পরিস্থিতি তৈরি হতো বলেও জানা গিয়েছে।
বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ তানিশার ঠাকুমা গৌরী ঘোষ তাঁর ঘরে গিয়ে তাঁকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি তানিশার দাদা দীপঙ্করকে ডাকেন। ঘরে এসে দীপঙ্কর বোনের শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করেন। তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল বলে পরিবারের দাবি। এরপর তাঁকে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তানিশাকে মৃত বলে ঘোষণা করেন।
তানিশার মৃত্যুর পরই পরিবারের তরফে তাঁর মা দীপশিখা ঘোষের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়। ঠাকুমা গৌরী ঘোষের অভিযোগ, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তানিশাকে খুন করা হয়ে থাকতে পারে। পরিবারের আরও দাবি, ঘটনার পর থেকে দীপশিখা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তবে এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি।
ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ। ঠিক কীভাবে তরুণীর মৃত্যু হয়েছে, তা জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত রহস্য ঘনীভূত হয়েছে ডাবগ্রামের এই ঘটনাকে ঘিরে।





