মাথাভাঙ্গা, ১৮ নভেম্বরঃ বসন্ত এলেই লাল আগুনের মতো ফুলে সেজে ওঠার কথা ছিল গাছটির। সেই রঙিন মুহূর্তের অপেক্ষায় ছিলেন শহরের প্রকৃতিপ্রেমীরা। কিন্তু ফুল ফোটার আগেই যেন ছন্দপতন। বিজ্ঞাপনের প্রচারের সুবিধার জন্য পলাশ গাছের ডালপালা নির্বিচারে কেটে ফেলার অভিযোগ উঠল মাথাভাঙা শহরে। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে পরিবেশপ্রেমীদের মধ্যে। তাঁদের প্রশ্ন, প্রচারের স্বার্থে কি এ ভাবেই বলি হতে হবে শহরের সবুজকে?
ঘটনাটি মাথাভাঙা শহরের চৌপথি এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে ঝাড়খণ্ড থেকে একটি পলাশ গাছ এনে সেখানে লাগানো হয়েছিল। দীর্ঘ সময় ধরে বেড়ে ওঠার পর গত বছর থেকেই গাছটিতে ফুল ফুটতে শুরু করে। ফলে এ বছরও বসন্তের মরসুমে গাছভর্তি লাল ফুল দেখার আশায় ছিলেন অনেকেই। কিন্তু সেই অপেক্ষার মধ্যেই গাছটির ডালপালা কেটে দেওয়ার ঘটনা সামনে আসে।
অভিযোগ, একটি বিজ্ঞাপন যাতে সহজে মানুষের নজরে আসে, সেই কারণেই গাছের ডাল ছাঁটাই করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ডাল কেটে ফেলা হয়েছে বলে দাবি পরিবেশপ্রেমীদের। তাঁদের মতে, বিজ্ঞাপনের দৃশ্যমানতা বাড়ানোর জন্য গাছের ক্ষতি না করেও বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল। অথচ সেই পথে না হেঁটে গাছটির স্বাভাবিক বৃদ্ধি ও সৌন্দর্য নষ্ট করা হয়েছে।
এ বিষয়ে সরব হয়েছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ট্রি কেয়ার। সংগঠনের সাধারণ সম্পাদক অরূপ নন্দী বলেন, “আমরা শহরে বিভিন্ন সময়ে গাছ লাগাই। অথচ সেই গাছগুলিই নির্মমভাবে কেটে ফেলা হচ্ছে। বিজ্ঞাপনটি দেখার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে সামান্য ডাল ছাঁটাই করলেই হতো। কিন্তু কাউকে কিছু না জানিয়ে যেভাবে ডাল কাটা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।”
অন্যদিকে, বিষয়টি নিয়ে মাথাভাঙা পুরসভার এক্সিকিউটিভ অফিসার তপন কুমার পাত্র জানান, গাছ ছাঁটাইয়ের প্রয়োজন ছিল। তবে প্রয়োজনের তুলনায় হয়তো কিছুটা বেশি ছাঁটাই হয়ে গিয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে দিকে নজর রাখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
শহরের সৌন্দর্যায়নে গাছের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে পলাশের মতো ফুলের গাছ বসন্তে প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি শহরের পরিবেশেও আলাদা মাত্রা যোগ করে। সেই গাছের ডালপালা কেটে দেওয়ার ঘটনায় তাই প্রশ্ন উঠছে নাগরিক দায়িত্ববোধ নিয়েও। বিজ্ঞাপনের প্রচার কয়েক দিনের, কিন্তু একটি গাছের বেড়ে ওঠার পিছনে লেগে যায় বছরের পর বছর। মাথাভাঙার এই ঘটনা সেই কথাই ফের মনে করিয়ে দিল।





