বীরভূম, ১৮ নভেম্বরঃ দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর অবশেষে ফিরলেন বীরভূমের পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডল। তবে দেশে ফিরলেও আপাতত নিজের জেলা বীরভূমে পা রাখছেন না তিনি। মঙ্গলবার কলকাতায় পৌঁছেই সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন কয়েক হাজার কোটি টাকার ডিসিআর দুর্নীতি মামলায় অভিযুক্ত এই ব্যবসায়ী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তাঁর প্রত্যাবর্তন বলে জানিয়েছেন আইনজীবী। এখন প্রশ্ন, তদন্তের মুখোমুখি হতে কবে বীরভূমে যাবেন টুলু?
টুলু মণ্ডলের আইনজীবী সিকান্দার আনসারির দাবি, তদন্তকারী অফিসার যখনই তাঁকে ডাকবেন, ২৪ ঘণ্টার মধ্যে হাজির হবেন তাঁর মক্কেল। ইতিমধ্যেই টুলুর দেশে ফেরার বিষয়টি সিউড়ি জেলা আদালতকে জানানো হয়েছে। মামলার তদন্তকারী অফিসার তথা বীরভূম জেলা পুলিশের ডিএসপি (আইনশৃঙ্খলা) কুণাল মুখোপাধ্যায়কেও প্রত্যাবর্তনের যাবতীয় তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আইনজীবী সিকান্দারের বক্তব্য, দেশে ফেরার আগেই কোন বিমানে এবং কখন টুলু কলকাতায় পৌঁছবেন, সেই সংক্রান্ত তথ্য ই-মেল মারফত তদন্তকারী অফিসারকে জানানো হয়েছিল। পাশাপাশি অফিসারের সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরেও সেই তথ্য পাঠানো হয়। তবে মঙ্গলবার তাঁর তরফে কোনও জামিনের আবেদন করা হয়নি বলেও স্পষ্ট করেছেন আইনজীবী।
বীরভূমের ডিসিআর দুর্নীতি মামলায় টুলু মণ্ডলের নাম উঠে আসার পর থেকেই তাঁকে ঘিরে তদন্তের পরিধি ক্রমশ বেড়েছে। সরকারি জমি থেকে পাথর উত্তোলন এবং বালি-পাথরের ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত ডিলিভারি চালান বা ডিসিআর ব্যবস্থায় বিপুল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, কয়েক হাজার কোটি টাকার রাজস্ব নয়ছয়ের অভিযোগে যে সিন্ডিকেটের সন্ধান মিলেছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র টুলু মণ্ডল। এই অভিযোগের ভিত্তিতেই তাঁর ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও মামলার অভিযোগ এখনও বিচারাধীন।
উল্লেখ্য, দীর্ঘদিন দেশের বাইরে থাকায় টুলুর প্রত্যাবর্তন নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। সম্প্রতি সুপ্রিম কোর্টে তাঁর আইনজীবীরা জানান, দেশে ফিরে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত তাঁদের মক্কেল। তবে দেশে ফিরলেই গ্রেপ্তারির আশঙ্কা রয়েছে বলে আদালতের কাছে সুরক্ষা চাওয়া হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত নির্দেশ দেয়, ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে। একই সঙ্গে ৫ ডিসেম্বর পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়।
সেই নির্দেশ মেনেই দেশে ফিরেছেন টুলু। আপাতত কলকাতায় থেকে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এবার তদন্তকারী অফিসারের পরবর্তী পদক্ষেপ কী হয়, তাঁকে কবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। কয়েক হাজার কোটি টাকার ডিসিআর দুর্নীতির তদন্তে টুলুর প্রত্যাবর্তন যে নতুন মাত্রা যোগ করল, তা বলাই যায়।





