আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআর মামলায় আপাতত বিরোধীদের আর্জিতে সাড়া নয়, কমিশনের বক্তব্য শুনতে চায় সুপ্রিম কোর্ট! পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

Published on: November 18, 2026
---Advertisement---

কলকাতা, ১৮ নভেম্বরঃ এসআইআর নিয়ে রাজনৈতিক সংঘাতের আঁচ এ বার পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে বিরোধীদের দায়ের করা মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। আপাতত বিরোধীদের আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনকে নোটিস পাঠাতে নারাজ শীর্ষ আদালত। বরং নোটিস জারির আগে কমিশনের বক্তব্য শুনতে চায় আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।

এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, নির্বাচন কমিশনের বক্তব্য না শুনে কোনও সিদ্ধান্তে পৌঁছতে চান না তাঁরা। বিরোধীদের আবেদনের প্রেক্ষিতে কমিশনের কাছে নোটিস পাঠানোর আগে তাদের বক্তব্য শোনার প্রয়োজন রয়েছে বলে মনে করে আদালত। ফলে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের তোলা একাধিক প্রশ্নের উত্তর আপাতত অধরাই রইল।

প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনকে ঘিরে মোট ৪৮টি প্রশ্ন জমা দিয়েছিল বিরোধী শিবির। মূলত কংগ্রেসের তরফেই এই প্রশ্নগুলি জমা দেওয়া হয়। তাদের অভিযোগ, এসআইআর সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশন যে হলফনামা জমা দিয়েছে, তাতে বিরোধীদের তোলা প্রশ্নগুলির যথাযথ উত্তর নেই। তাই ওই প্রশ্নগুলির ভিত্তিতে কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য দুই নির্বাচন কমিশনারের কাছ থেকে জবাব চাওয়ার আর্জি জানানো হয়।

বিরোধীদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল। তাঁর আবেদন ছিল, জমা দেওয়া ৪৮টি প্রশ্নের ভিত্তিতে নির্বাচন কমিশনকে নোটিস পাঠানো হোক। শুধু কমিশন নয়, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর কাছ থেকেও জবাব চাওয়া হোক। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

অন্য দিকে, নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে। তিনি আদালতে জানান, এই বিষয়ে কমিশনের গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। তাঁর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি জানান, আগে বিরোধীদের প্রশ্নগুলির বিষয়ে কমিশনের অবস্থান শুনবে আদালত। তার পরেই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। নির্বাচন কমিশনের পক্ষে যে হলফনামা জমা দেওয়া হয়েছে, তাতে তিন নির্বাচন কমিশনারের অনুমোদন ছিল কি না, তা জানতে চেয়েছে কংগ্রেস। জ্ঞানেশ কুমার, সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীর সম্মিলিত অনুমোদনের নথিও চাওয়া হয়েছে। পাল্টা হলফনামায় কমিশনের দাবি, তিন কমিশনারের সম্মিলিত অনুমোদনের পরেই আদালতে ওই হলফনামা জমা দেওয়া হয়েছে।

সব মিলিয়ে এসআইআর নিয়ে আইনি লড়াইয়ে আপাতত কমিশনের বক্তব্যকেই অগ্রাধিকার দিল সুপ্রিম কোর্ট। আগামী ৯ ডিসেম্বরের শুনানিতে কমিশনের অবস্থান কী হয় এবং বিরোধীদের ৪৮টি প্রশ্নের জবাবে আদালত কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment