নিজস্ব সংবাদদাতা, ১৫ নভেম্বরঃ পানিহাটি দলের অন্দরের বিবাদ মেটাতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণ গেল এক বিজেপি কর্মীর। স্থানীয় এক ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অরূপ সাহার। উত্তর ২৪ পরগনার পানিহাটির এই ঘটনায় বিজেপির অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। দলেরই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর নিশানায় দলের যুব মোর্চার এক মণ্ডল সভাপতি-সহ কয়েক জন নেতা-কর্মী। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, বাড়ি ফেরার পথে বাজার এলাকায় এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা দেখতে পান বিজেপির ১ নম্বর মণ্ডলের সম্পাদক রুমা সাহা। পরিস্থিতি সামাল দিতে প্রথমে তিনি নিজেই বিবাদ থামানোর চেষ্টা করেন। পরে বাড়ি ফিরে স্বামী অরূপকে বিষয়টি জানান। স্থানীয় বিবাদ মেটানোর উদ্দেশ্যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন অরূপ। সেখানে উপস্থিত ব্যক্তিদের ঝামেলা থামিয়ে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।
কিন্তু অভিযোগ, তাতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তেরা ঘটনাস্থল ছেড়ে না গিয়ে আরও লোকজন জড়ো করেন। এর পরেই অরূপকে বুকে জোরে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বাড়ি ফেরার কিছুক্ষণ পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন অরূপ। বমিও হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
অরূপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাটিকে খুন বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক রত্না। মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি দলেরই কয়েক জনের বিরুদ্ধে সরব হয়েছেন। বিধায়কের অভিযোগ, পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি রাজদীপ-সহ কয়েক জন এই ঘটনায় জড়িত। ১৪ নম্বর ওয়ার্ডের ননী নামে এক ব্যক্তির নামও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, বাইরে থেকে লোকজন জড়ো করে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা হয়েছিল। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
বিজেপির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন রত্না। তাঁর অভিযোগ, বিভিন্ন ওয়ার্ডে যে কনভেনার নিয়োগ করা হয়েছে, তাঁদের অনেকেই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন। তাঁরাই দলীয় কর্মীদের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন। বিধায়কের বক্তব্য, ‘‘জেলা সভাপতি প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কনভেনার বসিয়ে দিয়েছেন। তাঁদের অনেকেই তৃণমূল থেকে আসা। তাঁরাই দলবল নিয়ে ঝামেলা পাকাচ্ছেন।’’
পানিহাটির রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিধায়ক। তাঁর দাবি, এলাকায় নির্বাচিত কাউন্সিলর বা চেয়ারম্যান না থাকলেও সাংগঠনিক সিদ্ধান্তের ক্ষেত্রে তাঁকে অন্ধকারে রাখা হচ্ছে। জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর সমন্বয়ের অভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। ৪ তারিখের পর বিজেপিতে যোগ দেওয়া ব্যক্তিদেরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি রত্নার।
পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিধায়ক। তাঁর অভিযোগ, এলাকায় বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চললেও যথাযথ পদক্ষেপ করা হয়নি। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপও দাবি করেছেন তিনি। অরূপের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এবং হামলার অভিযোগে কারা জড়িত, তা তদন্তের পরেই স্পষ্ট হবে। তবে এক কর্মীর মৃত্যুকে ঘিরে পানিহাটিতে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল ফের প্রকাশ্যে চলে এল।





