আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘মন্ত্রী হলেই সব জানেন, এমন নয়’, শংকরের পোস্ট ঘিরে জল্পনা, পাশে দাঁড়ালেন দিলীপও

Published on: November 15, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ১৫ নভেম্বরঃ মন্ত্রী হলেই কি সব বিষয়ে কথা বলার অধিকার জন্মায়? পদে বসলে কি সব বিষয়ে জ্ঞানও চলে আসে? সামাজিক মাধ্যমে এমনই তাৎপর্যপূর্ণ বার্তা দিয়ে নতুন করে রাজনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। শনিবার রাতে নিজের ফেসবুক পেজে একটি কার্ড পোস্ট করেন তিনি। তাতে বড় বড় হরফে লেখা, ‘‘মন্ত্রী হলেই সব কিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।’’ পর্যটনমন্ত্রীর এই মন্তব্য ঘিরে শুরু হয় জল্পনা। তাঁর নিশানায় কি রাজ্য মন্ত্রিসভারই কোনও সতীর্থ? নাকি নিজের অভিজ্ঞতা থেকেই এই উপলব্ধির কথা তুলে ধরেছেন তিনি? যদিও পরে নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন শংকর। তাঁর দাবি, কাউকে উদ্দেশ্য করে নয়, এটি একান্তই তাঁর ব্যক্তিগত আত্মবিশ্লেষণ।

শংকরের পোস্ট সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে বিজেপির কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কারও কারও প্রশ্ন, কোনও মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য বা আচরণে কি অসন্তুষ্ট পর্যটনমন্ত্রী? পোস্টে নিজের ছবি এবং মন্ত্রিত্বের পরিচয়ও রেখেছিলেন শংকর। ফলে ইঙ্গিতপূর্ণ বার্তার রাজনৈতিক তাৎপর্য খুঁজতে শুরু করেন নেটিজেনদের একাংশ।

তবে শংকরের বক্তব্যকে সমর্থন করতে দেখা যায় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষকে। রবিবার সকালে খড়্গপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সমাজের প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব রয়েছে। তবে মন্ত্রীদের দায়িত্ব আরও বেশি। কারণ, সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে থাকেন। দিলীপের কথায়, ‘‘মন্ত্রীকে মানুষ দেখে। সেখানে মন্ত্রীই যদি নিয়ম না মানেন, তা হলে প্রশ্ন উঠতে শুরু করবে।’’ তাঁর আরও বক্তব্য, প্রত্যেকেরই নিজের সীমার মধ্যে থাকা উচিত। এমন কোনও মন্তব্য করা উচিত নয়, যা অন্যকে আহত করে কিংবা সংবিধান ও সামাজিক রীতিনীতির পরিপন্থী।

এ দিকে, নিজের পোস্টের ব্যাখ্যা দিতে গিয়ে শংকর জানান, ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে তিনি ওই বার্তা দিয়েছিলেন। তাঁর বক্তব্য, মন্ত্রী হলেই যে চিকিৎসা থেকে শুরু করে সমাজের সমস্ত বিষয়ে বিশেষজ্ঞ হয়ে যাওয়া যায়, এমন ধারণা ঠিক নয়। মন্ত্রীকেও অন্য দশজনের মতো প্রতিনিয়ত শিখতে হয়। পর্যটন দফতরের দায়িত্বে থাকলে সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। একই ভাবে মন্ত্রী বলে যা খুশি বলার অধিকার জন্মায় না।

শংকরের কথায়, সংবিধানের নির্দিষ্ট পরিধি রয়েছে। সেই সীমারেখা মেনেই প্রত্যেকের কথা বলা উচিত। তিনি নিজেও সংবেদনশীল ভাবে কথা বলার চেষ্টা করেন। কাউকে নিশানা করে ওই পোস্ট করা হয়নি বলেও স্পষ্ট করেছেন পর্যটনমন্ত্রী।

সব মিলিয়ে একটি ফেসবুক পোস্ট থেকেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নতুন আলোচনা। যদিও শংকর নিজে রাজনৈতিক ইঙ্গিতের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন, দিলীপের সমর্থনও আলোচনায় অন্য মাত্রা যোগ করেছে। মন্ত্রিত্বের দায়িত্ব, ব্যক্তিগত মতপ্রকাশ এবং সংবিধানের সীমারেখা এই তিন বিষয়ই এখন চর্চার কেন্দ্রে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment