কলকাতা, ৯ নভেম্বরঃ পুলিশের গায়ে হাত উঠলে কাউকে রেয়াত করা হবে না। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় এ বার এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের উপর হামলা, হুমকি কিংবা সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইন মেনেই কঠোর পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, এই ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই এগোবে পুলিশ-প্রশাসন।
গত শুক্রবার রাত থেকে শনিবার দিনভর অভিষেকের বাড়ির সামনে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, এক পুলিশকর্মীকে চড় মারা হয়। ঘটনার পরেই পুলিশ দু’টি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। তার মধ্যে একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ। ধৃতেরা দু’জনেই কালীঘাট-তৃণমূলের নেতা বলে দাবি করা হচ্ছে। তাঁদের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
এ দিন সেই প্রসঙ্গেই মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি কারও নামে অভিযোগ করব না। হিরো করতে চাই না। পুলিশকে চড় মারলে কিংবা উদ্যত হলে, চোখ দেখালে, মারতে গেলে কিংবা হুমকি দিলে যে ধারায় মামলা হওয়া উচিত, সেই ধারাতেই সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।” তিনি আরও জানান, ঘটনায় পুলিশকর্মীরা আহত হয়েছেন। তাঁদের শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার ভিডিয়ো খতিয়ে দেখে যাঁদের বিরুদ্ধে মামলা করার মতো তথ্য মিলেছে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ।
মুখ্যমন্ত্রীর দাবি, ঘটনায় চার্জশিট পেশ করা হবে। প্রয়োজনে হেফাজতে রেখে বিচারপ্রক্রিয়াও চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তবে কালীঘাটের অশান্তির পিছনে কারা ছিল, তা নিয়েও এ দিন বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ধৃতেরা হরিশ চ্যাটার্জি বা হরিশ মুখার্জি রোডের বাসিন্দা নন, তাঁরা একবালপুরের লোক। রাত দু’টোর সময় একবালপুর থেকে বিশেষ কিছু লোক অভিষেকের বাড়ির সামনে কেন গিয়েছিলেন, সেই প্রশ্নও তোলেন তিনি। অন্য দিকে, এই ঘটনা নিয়ে বিজেপি ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কালীঘাটের অশান্তি ঘিরে রাজনৈতিক চাপানউতোরও অব্যাহত।





