নন্দীগ্রাম, ৯ নভেম্বরঃ এক বছর আগেও ছবিটা ছিল অন্য রকম। নন্দীগ্রামের বিধায়ক হিসেবে থানার কালীপুজোয় আমন্ত্রণ পেলেও সেখানে যেতেন না তিনি। দূর থেকেই পাঠাতেন শুভেচ্ছাবার্তা। তখন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক বছরের ব্যবধানে বদলে গিয়েছে রাজ্যের রাজনৈতিক সমীকরণ। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আর সেই নন্দীগ্রাম থানার কালীপুজোয় রবিবার সন্ধ্যায় হাজির হলেন স্বয়ং শুভেন্দু। শুধু পুজো দেওয়াই নয়, উৎসবের সন্ধ্যায় নন্দীগ্রামবাসীর জন্য প্রায় ১৫ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণাও করলেন তিনি।
এদিন পুজো মণ্ডপে উপস্থিত হয়ে নন্দীগ্রামবাসীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। রেকর্ড মার্জিনে বিধায়ক হিসেবে হাসিরানি রথকে জয়ী করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি নন্দীগ্রামের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান। তাঁর ঘোষণার তালিকায় রয়েছে নতুন পুলিশ ফাঁড়ি, গেস্ট হাউস, অডিটোরিয়াম, পুলিশ ক্যান্টিন, স্নানের ঘাট সংস্কার এবং আইটিআই তৈরির মতো প্রকল্প।
মুখ্যমন্ত্রীর কথায়, একসময় নন্দীগ্রামের মানুষ পুলিশকে শত্রু বলে মনে করতেন। কিন্তু ধীরে ধীরে সেই পুলিশই মানুষের বন্ধু হয়ে উঠেছে। তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রী হতে পারি, পদোন্নতি হতে পারে, দায়িত্ব বাড়তে পারে, কিন্তু নন্দীগ্রামের মানুষ আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন, ভালোবাসেন। তাই বারে বারে তাঁরা নির্বাচিত করেছেন।” দুই জায়গায় বিধায়ক থাকার নিয়ম না থাকায় নন্দীগ্রামের আসন ছাড়তে হলেও উৎসবে, বিপদে, বিপর্যয়ে এবং উন্নয়নের কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
এদিন হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের ভূমিপুজোও করেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম থানায় জিম, ওয়াটার পিউরিফায়ার ও জেনারেটর দেওয়ার কথা জানান। সোনাচূড়ায় পুলিশ আউটপোস্ট তৈরিতে ক্যাবিনেটের অনুমোদনের কথাও উল্লেখ করেন। পাশাপাশি পুলিশ আধিকারিকদের জন্য পাঁচটি দু’কামরার ফ্ল্যাট-সহ মোট ১১টি আবাসন তৈরির পরিকল্পনা রয়েছে। দেড়শোর বেশি আসনবিশিষ্ট অডিটোরিয়াম এবং পুলিশ ক্যান্টিনও তৈরি হবে। আইটিআই নির্মাণ ও স্নানের ঘাট সংস্কারের পাশাপাশি রেলের প্রকল্পের জন্য জমি দেওয়ার বিষয়েও উদ্যোগের কথা জানান তিনি।
সব মিলিয়ে কালীপুজোর সন্ধ্যায় নন্দীগ্রামে রাজনৈতিক অতীতের স্মৃতি উস্কে দিয়ে উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি শোনালেন মুখ্যমন্ত্রী।





