কোচবিহার, ৯ নভেম্বরঃ উৎসবের আবহে আলোয় সেজে উঠল কোচবিহার কোতোয়ালি থানা। আলোকসজ্জা, পুজোর আয়োজন আর পুলিশকর্মীদের আন্তরিক উপস্থিতিতে কালীপুজোকে ঘিরে থানার প্রাঙ্গণে তৈরি হল এক অন্যরকম পরিবেশ। কর্মব্যস্ততার বাইরে এ যেন পুলিশ পরিবারের এক মিলন উৎসব। প্রতিবারের মতো এবারও বিশেষ আয়োজনের মধ্য দিয়ে কালীপুজো উদ্যাপন করল কোচবিহার কোতোয়ালি থানা।
গতকাল রাতে থানার পুজো মণ্ডপে উপস্থিত হন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসু। তাঁকে স্বাগত জানান কোতোয়ালি থানার আইসি সঞ্জয় কুমার দাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিরাজ বসু, দীপা চক্রবর্তী-সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।
পুজোকে কেন্দ্র করে থানার আধিকারিক থেকে শুরু করে কর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। আলোকসজ্জায় সাজানো থানা প্রাঙ্গণে পুজোর আনুষ্ঠানিকতার পাশাপাশি একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন সকলে। অতিথিদের উপস্থিতিতেও উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আসলে কোতোয়ালি থানার এই কালীপুজো শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। সারা বছর আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব সামলাতে ব্যস্ত পুলিশকর্মীদের কাছে এই আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিরও একটি উপলক্ষ। একই ছাদের নীচে একসঙ্গে পুজোয় শামিল হওয়া, আনন্দ ভাগ করে নেওয়া এবং উৎসবের মুহূর্তে একে অপরের পাশে থাকা সব মিলিয়ে তৈরি হয় পরিবারের মতো পরিবেশ।
পুলিশের কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন উৎসবের আয়োজন যে পারস্পরিক সম্পর্ককে আরও নিবিড় করে, কোতোয়ালি থানার কালীপুজোয় তারই ছবি ধরা পড়ল।





