কোচবিহার, ৯ নভেম্বরঃ উৎসবের রাতেও নিয়ম ভাঙলে রেয়াত নয়। কালীপুজোর গভীর রাতে শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে পথে নামল কোচবিহার জেলা পুলিশ। শব্দদূষণ থেকে জুয়ার আসর, বেআইনি নেশার কারবার থেকে অপরাধমূলক কার্যকলাপ সব দিকেই নজরদারি চালানো হল। শহর ও শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে একাধিক জায়গায় হানা দেন পুলিশ আধিকারিকরা। অভিযানে নেতৃত্ব দেন ডিএসপি ট্রাফিক বিক্রম প্রসাদ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বেশ কিছু এলাকায় শব্দবাজি ফাটানোর অভিযোগ ওঠে। সেই সব জায়গায় পৌঁছে সংশ্লিষ্টদের সতর্ক করে পুলিশ। প্রশাসনের নির্ধারিত সময়সীমা এবং শব্দদূষণ সংক্রান্ত বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, উৎসবের অজুহাতে নিয়ম ভাঙার কোনও সুযোগ নেই। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।
শুধু শব্দবাজি নয়, কালীপুজোকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বসা জুয়ার আসরও ছিল পুলিশের নজরে। অভিযান চালিয়ে একাধিক জুয়ার আসরে হানা দেন পুলিশকর্মীরা। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উৎসবের সুযোগে যাতে কোনও বেআইনি কার্যকলাপ মাথাচাড়া দিতে না পারে, সে জন্যই এই বিশেষ তৎপরতা বলে পুলিশ সূত্রে খবর।
পাশাপাশি নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শহর ও শহর লাগোয়া বিভিন্ন এলাকায় নেশা সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকায় চলে বিশেষ চেকিং এবং নাকা তল্লাশি। যানবাহন থামিয়ে প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করার পাশাপাশি সন্দেহভাজনদের উপরেও নজরদারি চালানো হয়।
পুলিশের এই অভিযানের মূল লক্ষ্য ছিল উৎসবের আনন্দের মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। শব্দদূষণ নিয়ন্ত্রণ, জুয়া ও নেশার মতো বেআইনি কার্যকলাপ রোখা এবং শহরের স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতেই রাতভর এই নজরদারি। উৎসবের মরশুমে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে যে প্রশাসন কঠোর, কালীপুজোর রাতের এই অভিযানেই সেই বার্তা দিতে চাইল জেলা পুলিশ।





