আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না’, ঠাকুরনগরে দাঁড়িয়ে মতুয়াদের আশ্বাস শুভেন্দুর

Published on: November 1, 2026
---Advertisement---

অশোকনগর, ১ নভেম্বরঃ বঙ্গে ক্ষমতার পালাবদলের পর প্রথমবার মতুয়াগড়ে পা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দিয়ে কার্যত প্রতিশ্রুতির ডালি সাজিয়ে দিলেন তিনি। মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের নাগরিকত্বের দাবি থেকে শুরু করে পুনর্বাসন, নিরাপত্তা একাধিক বিষয়ে আশ্বাস দেওয়ার পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার সঙ্গে সঙ্গেই মতুয়াদের বঞ্চনার দিনও শেষ হতে চলেছে।

ঠাকুরনগরের বিপুল জনসমাবেশের সামনে দাঁড়িয়ে সিএএ-র পক্ষে জোরালো সওয়াল করেন শুভেন্দু। দেশ ও রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, এমন শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন তিনি। নিজের পরিবারের দেশভাগের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তাঁর মা বরিশাল থেকে উদ্বাস্তু হয়ে এ দেশে এসেছিলেন। শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘আমরা সবাই একবার উদ্বাস্তু হয়েছি। আমরা আর উদ্বাস্তু হব না। মোদিজিকে ছাড়ব না।’’ প্রধানমন্ত্রীকে ‘সোনার গৌড়’ বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে সরব হন শুভেন্দু। তাঁর দাবি, এই পরিস্থিতির কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে আনা হয়েছে। একই সঙ্গে অনুপ্রবেশ ও নাগরিকত্বের প্রশ্নে সিএএ-র নিয়মের কথা উল্লেখ করে মতুয়া শরণার্থীদের আশ্বস্ত করেন তিনি।

এদিন আরও বড় প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। বনগাঁ, বারাসত ও রানাঘাট-সহ বিভিন্ন জেলে কোনও মতুয়া শরণার্থী বিনা বিচারে বন্দি থাকলে তাঁদের মুক্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। শুধু তাই নয়, তাঁদের সম্মানের সঙ্গে পুনর্বাসন, জমি ও বাড়ির ব্যবস্থার আশ্বাসও দেন। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মডেলের কথাও উল্লেখ করেন। মতুয়াদের নাগরিকত্বের প্রশ্নে ৩১ ডিসেম্বরের মধ্যে সিএএ-র শংসাপত্র দেওয়ার লক্ষ্যমাত্রার কথাও ফের মনে করিয়ে দেন শুভেন্দু।

ধর্মীয় সম্মেলনের মঞ্চ থেকে এদিন কার্যত রাজনৈতিক বার্তাও স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। নাগরিকত্ব, নিরাপত্তা ও পুনর্বাসনের প্রতিশ্রুতিকে সামনে রেখে মতুয়া সমাজের আস্থা অর্জনই যে তাঁর বক্তব্যের অন্যতম লক্ষ্য, ঠাকুরনগরের ভাষণে তা স্পষ্ট।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment