দিনহাটা, ২৯ অক্টোবরঃ পঞ্চায়েতের প্রধান গঠন ঘিরে ফের জটিলতা পেটলা গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার নির্ধারিত প্রক্রিয়ায় বিজেপির এক সদস্য অনুপস্থিত থাকায় প্রধান নির্বাচন করা যায়নি। এর প্রতিবাদে দিনহাটা-গোসানিমারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, জয়ন্ত বর্মনকে পঞ্চায়েতের প্রধান করতে হবে। পরে বিজেপির জেলা নেতৃত্বের আশ্বাসে অবরোধ ওঠে।
২৯ আসনবিশিষ্ট পেটলা গ্রাম পঞ্চায়েতে এক সদস্যের মৃত্যুর পর বর্তমানে সদস্য সংখ্যা ২৮। তাঁদের মধ্যে বিজেপির পাঁচ জন এবং তৃণমূলের ২৩ জন সদস্য রয়েছেন। ব্লক প্রশাসনের নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার প্রধান গঠনের প্রক্রিয়া শুরু করতে আধিকারিকেরা উপস্থিত হন। বিজেপির চার সদস্য হাজির থাকলেও তপন বর্মন নামে এক সদস্য অনুপস্থিত থাকায় প্রক্রিয়া এগোয়নি।
এর পরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকেরা। দিনহাটা-গোসানিমারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, জয়ন্ত বর্মনকেই প্রধান করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন বিজেপির সিতাই বিধানসভার ৩ নম্বর মণ্ডলের সভাপতি কৃষ্ণ কমল বর্মন। পরে সেখানে পৌঁছন বিজেপির কোচবিহার জেলা সম্পাদিকা বিউটি রায়। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত প্রধান গঠনের আশ্বাস দেন। এর পরেই অবরোধ তুলে নেওয়া হয়।
বিউটি রায় জানান, বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হবে। দ্রুত প্রধান গঠন করে যাতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যায়, সেই উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়। তবে কবে পেটলা গ্রাম পঞ্চায়েতে প্রধান গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে, এখন সেটাই দেখার। আপাতত প্রশাসনিক প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।





