শিলিগুড়ি, ২৯ অক্টোবরঃ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পরপর সোনার দোকানে ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই সতর্ক পুলিশ। বীরভূম, হাওড়া, নদিয়ার মতো জেলায় ‘গোল্ড গ্যাং’-এর দৌরাত্ম্য রুখতে চলছে অভিযান, বাড়ানো হয়েছে নিরাপত্তা। এর মধ্যেই এ বার শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা ও গুলি চালানোর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল। দক্ষিণবঙ্গে পুলিশের কড়াকড়ির মধ্যে দুষ্কৃতীদের নিশানা কি এ বার উত্তরবঙ্গ? বুধবার রাতে শিলিগুড়ির শান্তিনগরের পঞ্চানন রোডে ছিনতাইয়ের ঘটনায় সেই প্রশ্নই উঠছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম উত্তম সরকার। বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিল সোনা ও নগদ টাকা ভর্তি একটি ব্যাগ। অভিযোগ, সেই সময় বাইকে চেপে চার দুষ্কৃতী তাঁর পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। বন্দুক দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় ব্যাগটি। বাধা দিতে গেলে উত্তমবাবুকে ড্রেনে ফেলে হেনস্তা করা হয় বলেও অভিযোগ।
উত্তমবাবুর দাবি, ব্যাগে প্রায় ২০০ গ্রাম সোনা এবং দেড় থেকে দু’লক্ষ টাকা নগদ ছিল। সব কিছু নিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। স্থানীয় কয়েক জনের সাহায্যে তাদের ধাওয়া করার চেষ্টা করেন ওই ব্যবসায়ী। কিন্তু বাইকে চেপে পালানোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য গুলি তাঁর গায়ে লাগেনি। প্রাণে বেঁচে গেলেও গোটা ঘটনায় আতঙ্কিত উত্তমবাবু।
গুলির শব্দে রাতের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। কী ভাবে এই ঘটনা ঘটল, কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ব্যস্ত এলাকায় এ ভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই এবং পালানোর সময় গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি উঠেছে।
দক্ষিণবঙ্গে পরপর সোনার দোকানে ডাকাতির ঘটনার আবহে শিলিগুড়ির এই হামলা স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে দক্ষিণবঙ্গের ঘটনার সঙ্গে এই ছিনতাইয়ের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর।





