কোচবিহার, ২৮ অক্টোবর : গভীর রাতে পরপর একাধিক রাউন্ড গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহার শহর সংলগ্ন পুন্ডিবাড়ি থানার অন্তর্গত এলাকায়। আচমকা গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকায় এর আগে এমন ঘটনা কখনও ঘটেনি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। তবে ঠিক কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গুলি চালানোর অভিযোগের নেপথ্যে কী কারণ রয়েছে এবং কারা এর সঙ্গে যুক্ত, তা জানতে সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রাতের অন্ধকারে এই ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন পুলিশের তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।





