কলকাতা, ২৪ অক্টোবরঃ তাঁর সাজপোশাক, ব্যক্তিত্ব আর ক্ষুরধার যুক্তি সবেতেই নজর কাড়েন তরুণ বামনেত্রী দীপ্সিতা ধর। রাজনৈতিক মঞ্চে তাঁর বক্তব্য যেমন চর্চায় থাকে, তেমনই ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের অন্ত নেই। আর সেই কৌতূহল থেকেই কি না, এবার শোনা যাচ্ছে, ডিসেম্বরে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি! পাত্র আবার কেরলের বাসিন্দা! কিন্তু এই জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন দীপ্সিতা নিজেই। বিয়ে নিয়ে প্রশ্নের উত্তরে তাঁর রসিকতায় মিশল স্পষ্ট বার্তা এখনই সাতপাকে বাঁধা পড়ার কোনও পরিকল্পনা নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ উঠতেই মুচকি হাসির সুরে দীপ্সিতা বলেন, “যাঁরা এটা জেনেছেন, তাঁরা যদি আমাকেও জানিয়ে দেন কোথায় হবে, কার সঙ্গে হবে, তা হলে আমিও বাধিত থাকব। আমি যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছি, তিনিও জানেন না যে ডিসেম্বরে তাঁর সঙ্গে আমার বিয়ে হবে!”
কেরলের পাত্রের প্রসঙ্গেও একই সুরে কটাক্ষ ছুড়ে দেন তিনি। দীপ্সিতার কথায়, “কেরলের যদি এমন কেউ থেকেও থাকেন, তিনিও জানেন না যে তিনি আমার পাত্র। আমিও আজ এখানে এসে এক্সক্লুসিভলি এসব জানতে পারছি।” অর্থাৎ, বিয়ের খবর নিয়ে যতই জল্পনা ছড়াক, বাস্তবের সঙ্গে তার কোনও মিল নেই বলেই স্পষ্ট করে দিয়েছেন তিনি।
তবে প্রেমের প্রসঙ্গে একেবারে মুখে কুলুপ আঁটেননি এই বামনেত্রী। বরং স্বীকার করেছেন, তিনি সম্পর্কে রয়েছেন। কিন্তু বিয়ে যে দু’জনের যৌথ সিদ্ধান্ত, তা মনে করিয়ে দিয়ে দীপ্সিতা জানিয়েছেন, আপাতত তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই। ব্যক্তিগত জীবন ও কেরিয়ার দুই দিকই গুছিয়ে নিতে চান তাঁরা। আগামী পাঁচ বা দশ বছর কীভাবে কাটাবেন, সেই পরিকল্পনাও এখনও চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে দু’জনের ভাবনা ও লক্ষ্যে মিল তৈরি হলে তবেই বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
বামপন্থী রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা দীপ্সিতার পরিচয় অবশ্য শুধু ব্যক্তিগত জীবন ঘিরে কৌতূহলে সীমাবদ্ধ নয়। তাঁর দাদু পদ্মনিধি ধর ছিলেন হাওড়ার ডোমজুড়ের সিপিএম বিধায়ক। ছাত্রজীবন থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত দীপ্সিতা। আশুতোষ কলেজে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি করেছেন। ছাত্র সংগঠন এসএফআইয়ের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হয়ে বিধানসভা ও লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।
রাজনীতির ময়দানে যুক্তির ধার, আর ব্যক্তিগত জীবনে নিজের সিদ্ধান্তে অনড় থাকা দীপ্সিতার এই দুই দিকই তাঁকে আলোচনায় রাখে। আপাতত বিয়ের সানাই বাজছে না। বরং কেরিয়ার ও ভবিষ্যৎ গুছিয়ে নেওয়াই অগ্রাধিকার। ডিসেম্বরের বিয়ের জল্পনা তাই তাঁর কথাতেই আপাতত ফিকে।




