কলকাতা, ২৮ সেপ্টেম্বরঃ নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে যে জ়েড প্লাস নিরাপত্তা তিনি পেতেন, ভোটের পরে তা তুলে নেওয়া হয়েছে সোমবার আদালতে এমনই দাবি করেছেন তাঁর আইনজীবী। মামলাটি দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। বিচারপতি কৃষ্ণ রাও মামলা দায়েরের অনুমতি দিয়ে জানিয়েছেন, ৬ অক্টোবর বিষয়টির শুনানি হবে।
আদালতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্যের বক্তব্য, ‘‘আমার মক্কেল প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের আগে তিনি জ়েড প্লাস নিরাপত্তা পেতেন। নির্বাচনের পরে তাঁর নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। বেশ কয়েক বার আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে কয়েক জন হাউস গার্ড ছাড়া আর কোনও নিরাপত্তা নেই।’’ সেই কারণেই বিষয়টির দ্রুত নিষ্পত্তির আর্জি জানানো হয়।
নিরাপত্তা নিয়ে অবশ্য এর আগে রাজ্য পুলিশের বক্তব্য ছিল, অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় দু’জনেই জ়েড প্লাস নিরাপত্তার আওতায় রয়েছেন এবং নির্দিষ্ট নির্দেশিকা মেনেই সেই নিরাপত্তা বহাল রয়েছে। তবে অতিরিক্ত কিছু নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছিল।
ভোটের ফল প্রকাশের পর থেকেই অভিষেকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক পরিবর্তন সামনে এসেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাঁর হরিশ মুখার্জি রোডের বাড়ি এবং ক্যামাক স্ট্রিটের দফতরের বাইরে থাকা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও সরিয়ে নেওয়া হয়েছিল। সম্প্রতি বাড়ির সামনে থাকা পুলিশ কিয়স্কও সরানো হয়।
এর মধ্যেই গত জুনে সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে অভিষেকের গাড়ি লক্ষ্য করে ডিম, ইট ও জুতো ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর তাঁর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।
এবার সেই নিরাপত্তা-প্রশ্নই পৌঁছল আদালতে। তবে নিরাপত্তার স্তর পুনর্বহাল হবে কি না, কিংবা রাজ্যের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কি না সেই সিদ্ধান্ত এখন আদালতের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে। ৬ অক্টোবরের শুনানিতেই বিষয়টি নিয়ে দু’পক্ষের বক্তব্য শোনার সম্ভাবনা রয়েছে।





