কোচবিহার, ২৭ সেপ্টেম্বর : আগামী ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত কলকাতা-বোলপুর শান্তিনিকেতনের ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে অল বেঙ্গল যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬। রাজ্যস্তরের এই গুরুত্বপূর্ণ যোগাসনা প্রতিযোগিতায় কোচবিহার জেলা থেকে মোট ১৫ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করতে চলেছেন।
রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে কোচবিহারের প্রতিযোগীদের উৎসাহিত করতে আয়োজন করা হয় শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানের। এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের শুভেচ্ছা জানান বিশিষ্ট সমাজসেবী বিরাজ বোস ও দীপা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক-সহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে প্রতিযোগীদের হাতে শুভেচ্ছা ও উৎসাহের বার্তা তুলে দেওয়া হয়। রাজ্যস্তরের মঞ্চে নিজেদের সেরাটা তুলে ধরে কোচবিহার জেলার নাম উজ্জ্বল করার জন্য তাঁদের উৎসাহিত করেন উপস্থিত অতিথিরা।
উদ্যোক্তাদের বক্তব্য, যোগাসনা শুধু শরীরকে সুস্থ রাখে না, একইসঙ্গে মনকে সতেজ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগাসনার পাশাপাশি খেলাধুলার জগতেও কোচবিহারের প্রতিভাবান ছেলে-মেয়েরা যাতে আরও এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্যস্তরের প্রতিযোগিতায় কোচবিহারের ১৫ জন প্রতিযোগীর সাফল্য কামনা করে তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান অনুষ্ঠানে উপস্থিত সকলেই।





