কলকাতা, ২৫ সেপ্টেম্বরঃ শহর থেকে শহরতলি। বনেদি বাড়ি থেকে নামী বারোয়ারি। উত্তর কলকাতা থেকে দক্ষিণ। পুজোর ক’দিনে কলকাতার অলিগলি চষে ঠাকুর দেখার ইচ্ছে থাকলেও যানজট, পার্কিং আর ভিড়ের চিন্তায় অনেকেই পিছিয়ে যান। এ বার সেই ঝক্কি অনেকটাই কমাতে সরকারি উদ্যোগে সাজানো হয়েছে বিশেষ পুজো পরিক্রমা। বাস, এসি ট্রাম, লঞ্চ পছন্দমতো বাহনে চেপে ঘুরে দেখা যাবে কলকাতার একের পর এক পুজো। সঙ্গে থাকছে খাবার, পানীয় জল এবং চিকিৎসার ব্যবস্থাও।
বনেদি বাড়ির পুজো এক সফরে
সপ্তমী থেকে নবমী এসপ্ল্যানেড থেকে সকাল ৮টায় ভলভো এসি বাসে শুরু হবে পরিক্রমা। দেখা যাবে বদন চন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, সোনার দুর্গা এবং সাবর্ণ রায় চৌধুরীদের ঐতিহ্যবাহী পুজো। ভাড়া জনপ্রতি ২৪০০ টাকা। ৫-১০ বছরের শিশুদের জন্য ১৮৫০ টাকা, পাঁচ বছর পর্যন্ত বিনামূল্যে।
বারাসত থেকেও থাকছে বনেদি বাড়ির পুজো পরিক্রমা। সকাল ৮টায় ছাড়বে ভলভো বাস। মানিকতলা, কুমারটুলি, শোভাবাজার, চোরবাগান, জোড়াসাঁকো, জানবাজার, ঠনঠনিয়া-সহ একাধিক বনেদি বাড়ির পুজো ঘোরানো হবে। ভাড়া ২৫০০ টাকা।
বারোয়ারি পুজোর রুটও জমজমাট
একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালী, শিবমন্দির, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সর্বজনীন এক সফরেই একাধিক নামী পুজো। এসপ্ল্যানেড থেকে ভাড়া ২৪০০ টাকা, বারাসত থেকে ২৫০০ টাকা। শহরতলি থেকেও বিশেষ বাসে বারোয়ারি পুজো দেখার সুযোগ থাকছে।
ট্রাম-লঞ্চেও ঠাকুর দেখা
এসপ্ল্যানেড-শ্যামবাজার-গড়িয়াহাট রুটে এসি ট্রামে পুজো পরিক্রমার ভাড়া ৮০০ টাকা। আর মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চে উত্তর কলকাতার পুজো ঘোরার ব্যবস্থা আহিরীটোলা, শোভাবাজার রাজবাড়ি, কুমারটুলি, বলরাম মন্দির, বাগবাজার-সহ একাধিক পুজো। সময় লাগবে প্রায় পাঁচ ঘণ্টা, ভাড়া ৮০০ টাকা।
শুধু শহর নয়, ধান্যকুড়িয়া, আড়বেলিয়া, জয়রামবাটির পুজো দেখার ব্যবস্থাও রয়েছে। গঙ্গাবক্ষে বিসর্জন দেখার বিশেষ বন্দোবস্তও থাকছে। অর্থাৎ, এ বার পুজো হপিংয়ের সঙ্গী হতে পারে সরকারি পরিবহণই। বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সঙ্গে যোগাযোগ করা যাবে।





