কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ চোখের চিকিৎসা সেরে প্রায় তিন সপ্তাহ পর কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শহরে পা দিয়েই ফের সরব হলেন রাজনৈতিক মঞ্চে। বুধবার দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে ঘিরে একাধিক মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর দাবি, বাংলাকে জোর করে দখলের চেষ্টা হয়েছিল। সেই প্রসঙ্গেই বিজেপির ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন তিনি।
বিমানবন্দরে অভিষেক বলেন, ‘‘বাংলার অভিশাপ লেগে গিয়েছে। জোরজবরদস্তি করে বাংলা দখল করতে এসেছিল।’’ তাঁর আরও দাবি, সারা দেশে বিজেপির পরিস্থিতি করুণ হবে। সাংবিধানিক পদে বসে যাঁরা নিজেদের স্বার্থসিদ্ধি করেছেন বলে তিনি মনে করেন, তাঁদের বিরুদ্ধেও আগামী দিনে ব্যবস্থা হতে পারে বলে মন্তব্য করেন তৃণমূল সাংসদ।
তবে বুধবার অভিষেকের বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল নির্বাচন কমিশন এবং ভোটার তালিকা নিয়ে সাম্প্রতিক বিতর্ক। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১০ মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একাধিক সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী লিখিত আপত্তি জানিয়েছিলেন।
অভিযোগের কেন্দ্রে রয়েছে বিশেষ নিবিড় সংশোধন বা SIR-সহ ভোটার তালিকা পরিচালনার বিভিন্ন সিদ্ধান্ত। তবে নির্বাচন কমিশন ওই প্রতিবেদনের ব্যাখ্যায় জানিয়েছে, মতপার্থক্য কোনও প্রতিষ্ঠানের আলোচনা প্রক্রিয়ার স্বাভাবিক অংশ এবং গত এক বছরে কমিশনের সব সিদ্ধান্তই পূর্ণ কমিশনের সর্বসম্মত সিদ্ধান্তে হয়েছে।
এই বিতর্কের আবহেই অভিষেকের দাবি, ভোট দিতে না-পারা মানুষের ‘‘চোখের জল’’ বৃথা যাবে না। তাঁর কথায়, ‘‘কেউ বাঁচবেন না। ভাববেন না যা ইচ্ছা তাই করব।’’
এর আগে SIR এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন অভিষেকও। সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশের পর তিনি কমিশনের প্রধানকে অপসারণ এবং আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবি তুলেছেন বলে জানা গিয়েছে।
বিদেশ থেকে ফেরার দিনেই অভিষেকের এই আক্রমণাত্মক বার্তা ঘিরে নতুন করে চড়ল রাজনৈতিক চাপানউতোর। সামনে একাধিক উপনির্বাচন। তার আগে ভোটার তালিকা ও নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের আবহে তাঁর মন্তব্য যে রাজনৈতিক মহলে নতুন প্রতিক্রিয়া তৈরি করবে, তা বলাই যায়।





