মাথাভাঙ্গা, ১৯ সেপ্টেম্বরঃ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘হামলা’র অভিযোগকে কেন্দ্র করে এ বার কলেজ চত্বরে প্রতিবাদের সুর। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে এবিভিপির কার্যকর্তাদের উপর হামলার অভিযোগ তুলে শনিবার মাথাভাঙা কলেজে প্রতিবাদ মিছিল করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। কলেজ চত্বর থেকেই মিছিল বের হয়। তাতে সংগঠনের সদস্য ও সমর্থকেরা অংশ নেন।
এবিভিপির অভিযোগ, সম্প্রতি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের কয়েক জন কার্যকর্তার উপর হামলা চালানো হয়েছে। ঘটনায় কয়েক জন আহত হয়েছেন বলেও দাবি সংগঠনের। এই ঘটনার জন্য AIDSO-র বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবিভিপি। যদিও অভিযোগের বিষয়ে AIDSO-র বক্তব্য এই মুহূর্তে জানা যায়নি।
ঘটনার প্রতিবাদেই এ দিন মাথাভাঙা কলেজে মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে একাধিক স্লোগান দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলে এবিভিপি।
সংগঠনের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সেই মতপার্থক্যকে কেন্দ্র করে কোনও পড়ুয়া বা ছাত্র সংগঠনের সদস্যের উপর হামলার ঘটনা বরদাস্ত করা যায় না। তাই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এবিভিপির এই কর্মসূচিকে ঘিরে মাথাভাঙা কলেজ চত্বরে এদিন রাজনৈতিক উত্তাপও তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে দুই ছাত্র সংগঠনের মধ্যে যে চাপানউতোর তৈরি হয়েছে, মাথাভাঙার প্রতিবাদ মিছিল তারই প্রতিফলন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এখন বিশ্ববিদ্যালয় চত্বরে ওই দিনের ঘটনার প্রকৃত পরিস্থিতি কী ছিল, কারা হামলায় জড়িত এবং অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকেই নজর রয়েছে।





