শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ প্রদীপের আলোয় শুরু, এক মাস ধরে সেবার কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। বিজেপির তরফে জানানো হয়েছে, বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে চলবে এই অভিযান।
১৭ সেপ্টেম্বর ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচির মাধ্যমে অভিযানের সূচনা হবে। বুথ স্তর থেকে সাধারণ মানুষের বাড়ি, মঠ-মন্দির এবং দলীয় ও প্রশাসনিক কার্যালয়ে প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচি নেওয়া হয়েছে। শুধু আনুষ্ঠানিক সূচনা নয়, পরের এক মাসে একাধিক সামাজিক কর্মসূচির পরিকল্পনাও করা হয়েছে।
বিজেপি নেতৃত্বের দাবি, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে প্রায় ১২ থেকে ১৩ ধরনের সেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় রঙ্গোলি প্রতিযোগিতা, সামাজিক পরিষেবা এবং জনসংযোগমূলক কর্মসূচি তার মধ্যে রয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রীর বিভিন্ন সামাজিক প্রকল্প ও উন্নয়নমূলক কাজের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ প্রচার চালানোর পরিকল্পনাও রয়েছে।
দলের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনের পাশাপাশি তাঁর দীর্ঘ ২৫ বছরের জনজীবন ও জনসেবাকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন। সাধারণ মানুষকেও অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক আস্তিক মন্ডল বলেন, এই এক মাসের কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে। তাঁর বক্তব্য, সামাজিক পরিষেবা ও জনসংযোগের মাধ্যমেই অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।





