কোচবিহার, ১৬ সেপ্টেম্বরঃ কোতোয়ালি থানার চেনা মুখ বদলাচ্ছে। পদোন্নতি পেয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে যাচ্ছেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সুকুমার ঘোষ। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ পদে নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি।
জানা গেছে, দীর্ঘদিন কোচবিহার কোতোয়ালি থানার দায়িত্ব সামলানোর পর এবার কর্মক্ষেত্র বদলাচ্ছে সুকুমারের। থানার আইসি পদ থেকে সরাসরি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ পদে যোগ দেবেন তিনি। শীঘ্রই নতুন দায়িত্ব গ্রহণের কথা রয়েছে তাঁর।
সুকুমার ঘোষের বদলির খবর প্রকাশ্যে আসতেই কোচবিহার পুলিশ মহলে শুরু হয়েছে চর্চা।দীর্ঘদিন একটি গুরুত্বপূর্ণ থানার দায়িত্বে থাকা আধিকারিকের পদোন্নতি এবং বদলি ঘিরে স্বাভাবিক ভাবেই নজর পড়েছে পুলিশ মহলের।
এখন প্রশ্ন, কোতোয়ালি থানার পরবর্তী আইসি কে ? সুকুমারের জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে নতুন দায়িত্বে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে সুকুমারের যোগদানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গিয়েছে।





